নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তৃণমূলের প্রতীক এবং মালিকানা কাদের, তা নিয়ে শুক্রবার দুপক্ষকে মুখোমুখি বসিয়ে শুনানি করল নির্বাচন কমিশন। দুপুর তিনটে থেকে প্রায় দু ঘন্টা নয়াদিল্লির অশোক রোডে নির্বাচন কমিশনের সদর দপ্তর ‘নির্বাচন সদনে’ মমতাপন্থী তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলকে ডেকে উভয়পক্ষের বক্তব্য শোনেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ কমিশনের পুরো বেঞ্চ। বৈঠকে উভয়পক্ষই দাবি করেছেন, তারাই প্রকৃত তৃণমূল। এরপর নির্বাচন কমিশন যাবতীয় নথি বিচার করে সিদ্ধান্ত নেবে। প্রয়োজনে ফের শুনানির জন্যও ডাকা হতে পারে।
তৃণমূলে বিভাজনের জেরে সুপ্রিম কোর্টের নির্দেশেই এদিন উভয়পক্ষকে ডাকা হয়েছিল। দু পক্ষের লিখিত বক্তব্য জমা পড়ার পর তিন মাসের মধ্যে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও এদিন বৈঠকে আরও কিছু নতুন নথি ঋতব্রতরা জমা দিতে চেয়েছেন বলেই খবর। এর জন্য দু’সপ্তাহ সময় চাওয়া হয়েছে। যা নিয়ে আপত্তিও করেছে মমতাপন্থী তৃণমূল। এদিন কমিশনে মমতাপন্থীদের পক্ষে হাজির ছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন। অন্যদিকে গণতান্ত্রিক তৃণমূলের পক্ষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আখরুজ্জামান। শুনানি শেষে কল্যাণবাবু বলেন, ঋতব্রতরা নতুন করে ফের আরও একটি হলফনামা জমা দিতে চেয়েছে। আমরা আপত্তি করেছি। সময় পেরিয়ে যাওয়ার পর আবার কীসের হলফনামা? তাছাড়া ওরা যে হলফনামা ইতিমধ্যেই জমা দিয়েছে, তা আমাদের দেওয়া হয়নি। বার বার নিজেদের অবস্থান বদলে বিষয়টিকে দীর্ঘায়িত করতে চাইছে ঋতব্রতরা। যদিও বৈঠকের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, কল্যাণবাবু যতই কটাক্ষ করুন, তিনি নিজে এদিন কমিশনে যে দুর্বল সওয়াল করেছেন, তা মোটেও ওদের পক্ষে কাজে দেবে না। তাই পরবর্তী শুনানি হলে কল্যাণবাবুকে আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেকরা কমিশনে পাঠাবেন কি না, তা নিয়েই সন্দেহ রয়েছে।



