নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে প্রায় সাত মাস। আর রাজ্যে ক্ষমতায় আসার এই সাত মাসে দলের রিপোর্ট কার্ড খতিয়ে দেখছে শীর্ষ নেতৃত্ব। শুক্রবার দিল্লিতে শুরু হয়েছে বিজেপির দু’দিনের জাতীয় পদাধিকারীদের বৈঠক। সেই বৈঠকে অংশ নিয়েছেন বিভিন্ন রাজ্যের ভারপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতারাও। ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। যদিও তিনি কিছু বলেননি। রাজনৈতিক সূত্রে দাবি করা হয়েছে যে, বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমেই দলের বঙ্গ নেতাদের বার্তা দিচ্ছে পদ্মশিবির। স্পষ্টই জানিয়ে দেওয়া হয়েছে যে, রাজ্যে শুধুমাত্র যেন ঘোষণাতেই সীমাবদ্ধ না থাকে সরকার।
এমনকি সরকার এবং শাসক দল উভয়েই কেমন কাজ করছে, সেই ব্যাপারে সাধারণ মানুষের সুচিন্তিত মতামতও নিতে হবে। সেই অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপও করতে হবে। মূলত রাজ্যের শাসক দলই নিজ উদ্যোগে ওই মতামত জোগাড়ের কাজ করবে। দলীয় সূত্রের খবর, প্রধানত আগামী বছর উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ডের মতো রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের প্রাথমিক রণকৌশল স্থির করাই বিজেপির দু’দিনব্যাপী এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য। কিন্তু স্বাভাবিকভাবেই এই দু’দিনব্যাপী জাতীয় পদাধিকারীদের বৈঠকের ‘ফোকাস’ হয়ে উঠেছে বাংলা। কারণ, বিজেপির বঙ্গ জয়ের কৌশল থেকে ‘ইনপুট’ নিয়েই আগামী বছর ভোটমুখী রাজ্যগুলির নির্বাচনি রণনীতি স্থির করতে চাইছে পদ্মপার্টি। আজ, শনিবার বৈঠকে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।



