নয়াদিল্লি, ২৮ নভেম্বর: সংসদে ডিলিমিটেশন বিল ঘিরে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ফের সরব কংগ্রেস। প্রস্তাবিত বিলের বিরোধিতায় দাঁতে দাঁত চেপে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন রাহুল গান্ধী। সেইসঙ্গে বিরোধী ইন্ডিয়া জোটের শরিক দলগুলিকে একজোট হওয়ার বার্তা দিয়েছে কংগ্রেস। তবে কোনো শরিক দল বিলের পক্ষে অবস্থান নিলে জোটের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার ইঙ্গিতও দেওয়া হয়েছে।
গতকাল সোনিয়া গান্ধীর বাসভবনে কংগ্রেসের সংসদীয় কৌশল নির্ধারণী বৈঠকে রাহুল গান্ধী স্পষ্ট জানিয়েছেন, ডিলিমিটেশন বিল আটকাতে সর্বশক্তি দিয়ে লড়বে কংগ্রেস। ডিএমকে, সমাজবাদী পার্টি এবং শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি গোষ্ঠীকে সঙ্গে নিয়ে বিরোধী ঐক্য গড়ার উপর জোর দেন তিনি।
কংগ্রেসের এক শীর্ষ নেতার দাবি, শরদ পওয়ারের এনসিপি গোষ্ঠী বিলের পক্ষে ভোট দিলে জোটের সমীকরণ নতুন করে ভাবতে হবে। সেই ক্ষেত্রে আগের মতো সবকিছু চলতে পারে না বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। কংগ্রেসের অভিযোগ, মহিলা সংরক্ষণের নামে আসলে লোকসভার আসন পুনর্বিন্যাসের মাধ্যমে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে মোদি সরকার। বর্তমান লোকসভার আসনসংখ্যা এবং রাজ্যগুলির মধ্যে আসন বণ্টন আগামী ২৫ বছর অপরিবর্তিত রাখতে হবে। পাশাপাশি বর্তমান আসনসংখ্যার ভিত্তিতেই মহিলা সংরক্ষণ কার্যকর করতে হবে। আগামী ৩০ নভেম্বর সংসদে সংবিধান সংশোধনী বিল সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল ওঠার কথা। অথচ এখনও খসড়া বিল সাংসদদের দেওয়া হয়নি বলে অভিযোগ জানিয়েছে কংগ্রেস।



