কাবুল, ২৮ নভেম্বর: আফগানিস্তানের স্কুলে বিস্ফোরণ। মৃত্যু হল ৭ জন পড়ুয়ার। জখম শতাধিক। আজ, শনিবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে পাকিস্তান সীমান্ত সংলগ্ন আফগানের কুনার এলাকায়। তবে বিস্ফোরণের কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন। তবে জখমদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
কুনার পুলিশের মুখপাত্র ফরিদ দেহকান জানিয়েছেন, এদিন সকালে আচমকাই স্কুলে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তবে কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। কেউ হামলার দায়ও স্বীকার করেনি। ইতিমধ্যেই তদন্তকারী দল অকুস্থলে গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। প্রাথমিক অনুমান, এই হামলার নেপথ্যে পাকিস্তানের হাত থাকতে পারে। উল্লেখ্য, গত আগস্ট মাসে সে দেশের রাজধানী কাবুলের একটি স্কুলে হ্যান্ড গ্রেনেড হামলায় ৪০ জনেরও বেশি শিশু আহত হয়েছিল। তার মধ্যে ৯-১৪ বছরের একাধিক শিশু ছিল।



