ঢাকা: বাংলাদেশের গোপালগঞ্জ জেলা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৈতৃক ভিটে ও আওয়ামি লিগের প্রধান ঘাঁটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থানও বটে। এবার সেই জেলাতেই একাধিক নাগরিক পরিষেবা বন্ধ করার পথে হাঁটতে চলেছে তারেক রহমানের সরকার। হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে প্রায় দু’সপ্তাহ ধরে অশান্ত গোপালগঞ্জ। আওয়ামি লিগের কর্মীদের বিরুদ্ধে থানা, বিএনপি নেতাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। হয়েছে গাড়ি-বাস ভাঙচুরও। এর আগে ওই জেলায় ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ সরকার। শুক্রবার থেকে গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং পরিষেবাও বন্ধ করা হল। ফলে ওই এলাকায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে কিংবা টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়েছেন বাসিন্দারা। প্রশাসন সূত্রে খবর, ওই জেলায় সরকারি প্রকল্পের বরাদ্দও আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। সরকারের এমন সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, আওয়ামি লিগের কর্মী-সমর্থকদের একাংশ গোলমাল পাকাচ্ছে। কিন্তু তার জন্য পুরো জেলার মানুষকে ভুগতে হবে কেন? গোপালগঞ্জের আওয়ামি লিগ নেতা হায়দার হোসেনের বক্তব্য, ‘সরকার আমাদের জীবনযাত্রা কঠিন করে তুলতে চাইছে। অত্যাচার ও গ্রেপ্তার এড়াতে দু’বছরের বেশি সময় ধরে পালিয়ে বেড়াতে বাধ্য হয়েছি। অবশেষে এখন আমরা মুক্ত জীবনযাপন করছি। আইনশৃঙ্খলা বাহিনীও আমাদের চলাফেরায় কোনো বাধা দিচ্ছে না।’ যদিও বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, সম্প্রতি গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিংয়ের সাহায্যে অস্বাভাবিক মাত্রায় টাকা লেনদেন হয়েছে। ওই টাকা অশান্তি পাকানোর কাজে ব্যবহার করা হচ্ছে বলে সন্দেহ তদন্তকারীদের। তাই সাময়িকভাবে মোবাইল ব্যাংকিং পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। গত ১৭ ও ১৯ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় ও পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল উত্তেজিত জনতা। ওই থানা দু’টি আপাতত বন্ধই থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার প্রত্যুষকুমার মজুমদার। কবে থানা দু’টিতে স্বাভাবিক কাজকর্ম শুরু হবে? তা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।



