নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজ  ভারতীয়দের মৃত ঘোষণার প্রক্রিয়া
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কাঠমাণ্ডু ও নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গত আগস্টে নেপালের ত্রিশূলী-ভোটেকোশি নদীতে ভয়াবহ হড়পা বানে নিখোঁজ হয়ে যান অন্তত ২১৩ জন ভারতীয়। তাঁদের এবার সরকারিভাবে ‘মৃত’ বলে ঘোষণার প্রক্রিয়া শুরু করল বালেন্দ্র সরকার। বৃহস্পতিবার কাঠমান্ডুর তরফে এই সংক্রান্ত নির্দেশিকা ও নিখোঁজদের তালিকা প্রকাশ করা হয়েছে। নেপাল সরকারের এই সিদ্ধান্তের পরেই কার্যত ভেঙে পড়েছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। নেপালে নিখোঁজদের মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়ও। তিনি বলেন, ‘আমরা সম্পূর্ণ অন্ধকারে। রাজ্য বা কেন্দ্রীয় সরকারের তরফে কোনো বার্তা আসেনি। আমরা চরম উৎকণ্ঠায় রয়েছি।’ নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (এনডিআরআরএমএ) জানিয়েছে, গত ২৬ অগস্টের ওই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে ৩,২৯২ জন নেপালের নাগরিক সহ ১৯টি দেশের মোট ৬২৩ জন বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন। এদিকে নিখোঁজ ভারতীয়দের পরিবারের সদস্যদের এই তালিকা নিয়ে কোনো আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে আগামী ২ ডিসেম্বরের মধ্যে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হবে। তার জন্য দূতাবাসের [email protected] ইমেল আইডি বা +9779851316807 মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। আপত্তি বা সংশোধনের পর নেপাল সরকার চূড়ান্ত তালিকা প্রকাশ করবে।

Advertisement