পোশাক শ্রমিকদের আন্দোলন অব্যাহত, মজুরি বৃদ্ধির ঘোষণা সত্ত্বেও উত্তপ্ত বাংলাদেশ, আওয়ামি লিগের নেতাকে খুন
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: সরকারের তরফে মজুরি বৃদ্ধির ঘোষণা সত্ত্বেও বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলন অব্যাহত। বুধবার সকাল থেকে গাজিপুর, সাভার সহ একাধিক শিল্পাঞ্চলে বিক্ষোভ দেখান শ্রমিকরা। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করা হয়। ব্যাহত হয় যান চলাচল। আন্দোলনকারীদের হটাতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। পালটা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। ছোড়া হয় ইট। অশান্তির জেরে এদিনও বহু কারখানায় কাজ হয়নি। বাংলাদেশের প্রশাসন সূত্রে খবর, এদিন গাজিপুরের ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে ওই শিল্পাঞ্চলের ৩৫টি কারখানা। সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলেও এদিন ৪৫টি পোশাক কারখানা বন্ধ ছিল। সব মিলিয়ে প্রায় ৫০০ পোশাক কারখানায় উত্পাদন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে বা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে।

Advertisement

ন্যূনতম মাসিক মজুরি বাংলাদেশি মুদ্রায় ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন শুরু করেছিলেন পোশাক শ্রমিকরা। ক্রমশ বিক্ষোভের আগুন গোটা দেশেই ছড়িয়ে পড়ে। চাপের মুখে মজুরি বোর্ড গঠন করার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছয় সদস্যের সেই মজুরি বোর্ড মঙ্গলবার গভীর রাতে ঘোষণা করে, পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩৬ শতাংশ বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হবে। ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে। কিন্তু তাতেও ক্ষোভ প্রশমিত হয়নি। বুধবার ভোরের আলো ফুটতেই ফের পথে নামেন শ্রমিকরা। বাংলাদেশ গারমেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতা খায়রুল মামুন মিন্টুর বক্তব্য, বর্তমান সময়ে খরচ যেভাবে বেড়েছে, তাতে ১৭ হাজার টাকা যথেষ্ট নয়।
এদিকে, পদ্মাপারে আওয়ামি লিগের নেতা-কর্মীদের উপর হামলা অব্যাহত। খুলনার দৌলতপুরে আবদুল হালিম নামে এক আওয়ামি লিগ নেতাকে গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে কল্পতরু মার্কেট এলাকায় কয়েকজন মোটরবাইকে চেপে এসে হালিমকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মারা যান ওই আওয়ামি লিগ নেতা। চলতি বছরে খুলনা শহর ও জেলা মিলিয়ে ৮১ জনকে খুন করা হল। রাজশাহির পুঠিয়ায় জেলবন্দি আওয়ামি নেতা আবদুস সামাদের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। লুটপাটের পর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। সামাদের পরিবারের অভিযোগ, নগদ ৩০ হাজার টাকা ও ১০ ভরি সোনার গয়না লুট করা হয়েছে।