হাসিনার প্রত্যাবর্তন ঘিরে উত্তপ্ত বাংলাদেশ, আঁটোসাঁটো নিরাপত্তার চাদরে ঢাকল সীমান্ত ও গুরুত্বপূর্ণ এলাকা
  • ২৫ নভেম্বর, ২০২৬ ১৭:৩৯
Prefer us on Google

ঢাকা, ২৫ নভেম্বর: বাংলাদেশ বিজয় দিবস তথা ডিসেম্বরের ১৬ তারিখ দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে বাংলাদেশে। একের পর এক অগ্নিসংযোগ, বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় উদ্বেগের আবহ তৈরি হয়েছে দেশজুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবার বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনীর ১০৮টি প্লাটুন পাঠানো হয়েছে হাসিনার নিজের জেলা গোপালগঞ্জে। 

Advertisement

বিজিবি বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, দেশের সাতটি জেলায় আইনশৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এই বাহিনী মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জ ছাড়াও ঢাকায় ১৮টি, গাজীপুরে ১৮টি, নারায়ণগঞ্জে ছয়টি, চট্টগ্রামে তিনটি, ময়মনসিংহে দুটি এবং কক্সবাজারে একটি প্লাটুন মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আরও চারটি প্লাটুনকে জরুরি প্রয়োজনে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এক একটি প্লাটুনে সাধারণত ৩০ থেকে ৪০ জন জওয়ান থাকেন বলে জানিয়েছেন তারা। 

আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত গোপালগঞ্জে গত কয়েক দিনে একাধিক হিংসা, অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে গত সপ্তাহেই সেখানে প্রায় ২,০০০ পুলিশকর্মী, ১০টি বিজিবি প্লাটুন এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের সদস্যদের মোতায়েন করা হয়েছিল। নতুন করে আরও ৫৬টি প্লাটুন পাঠানোর সিদ্ধান্তে ওই জেলার নিরাপত্তা পরিস্থিতির গুরুত্ব স্পষ্ট হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৭ থেকে ১৯ নভেম্বরের মধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ৮৩টি যানবাহনে আগুন লাগানো হয়েছে এবং ৮৭টি জায়গায় হাতবোমা ছোড়ার ঘটনা ঘটেছে। পুলিশের অভিযোগ, এসব ঘটনার নেপথ্যে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলির কর্মী-সমর্থকদের একাংশের ভূমিকা রয়েছে। উত্তেজনার পারদ আরও চড়িয়েছে আগামী ২৯ ও ৩০ নভেম্বর আওয়ামী লীগের ডাকা দেশজোড়া লকডাউন কর্মসূচি। দলটির কার্যকলাপ বর্তমানে নিষিদ্ধ থাকলেও অনলাইন মাধ্যমে এই কর্মসূচির প্রচার চালানো হচ্ছে বলে খবর। গত ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করেও ঢাকা-সহ দেশের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

 বিজিবি সদর দপ্তরে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। ড্রোন, বডি ক্যামেরা এবং অন্যান্য নজরদারি সরঞ্জামের মাধ্যমে পাওয়া সরাসরি ফুটেজ ব্যবহার করে দিনরাত পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান, শিল্পাঞ্চল এবং স্পর্শকাতর এলাকাগুলিতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা।