বোলপুরের ঘটনার পুনরাবৃত্তি! ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে
  • ২৫ নভেম্বর, ২০২৬ ১৭:২৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি। লুট-সহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়ে বিপাকে পড়ল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল অভিযুক্তের বিরুদ্ধে। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের ইসমাইল এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করতে আসানসোল দক্ষিণ থানার পুলিশের একটি দল ইসমাইল এলাকায় পৌঁছয়। সেই সময় অভিযুক্ত প্রতাপ দাস পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে।
ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তের খোঁজে আসানসোল দক্ষিণ ও হিরাপুর থানার পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করেছে। আশপাশের বিভিন্ন এলাকায় চলছে জোরদার নজরদারি ও তল্লাশি। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত আহত হওয়ার কোনও সরকারি খবর সামনে আসেনি। অভিযুক্ত প্রতাপ দাসের খোঁজে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর, শুক্রবার সন্ধ্যায় বোলপুরের লায়েকবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে অভিযুক্ত রতন শেখ এবং আরো দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগ্নেয়াস্ত্র মজুত ও মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রতন শেখ এবং তার এক সঙ্গীকে ধরতে অভিযানে নেমেছিলেন শান্তিনিকেতন থানার দুই পুলিশকর্মী। সেখানে পুলিশের উপস্থিতির টের পেয়ে আগ্নেয়াস্ত্র বের করে তাঁদের লক্ষ্য করে গুলি চালায় দুই অভিযুক্ত। একটি গুলি লাগে কনস্টেবল বিশ্বজিৎ দাসের বাঁ পায়ের হাঁটুর কাছে। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে রতন শেখকে গ্রেপ্তার করে এবং ফের পুলিশকে আক্রমণ করার চেষ্টা করলে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় রতন শেখের। সেই রেশ না কাটতেই আজ আসানসোলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুলিশ মহলে।