পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ! স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ
  • ২৫ নভেম্বর, ২০২৬ ১৬:৫৩
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: পণের দাবিতে শ্বশুরবাড়ির লোকজনদের  নির্যাতনে  গৃহবধুর মৃত্যু!  এমনই  অভিযোগ তুলে ময়নাগুড়ি থানায় স্বামী সহ শ্বশুরবাড়ির ৫ সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন মৃত গৃহবধুর দাদা। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের চড় চূড়াভান্ডার এলাকায়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গৃহবধুর দাদা মধুসূদন নমদাস।

Advertisement

অভিযোগ,৪ বছর আগে  কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গা গ্রামের  সোমা নমদাসের বিয়ে হয় চড় চূড়াভান্ডার এলাকার বাসিন্দা বচ্চন দাসের সাথে। গৃহবধুর পরিবারের দাবি, বিয়ের সময় তার শ্বশুরবাড়ির দাবি মত নগদ ৫৫ হাজার টাকা, সোনার গয়না, আসবাবপত্র সমস্ত কিছু যৌতুক হিসেবে দেওয়া হয়। অভিযোগ, বিয়ের কিছুদিন অতিবাহিত হওয়ার পর পুনরায় সোমার শ্বশুর বাড়ির লোকজন আরও টাকা দেওয়ার জন্য দাবি করেন। সোমা তার বাবার বাড়ি থেকে আর টাকা আনতে পারবে না বলে জানিয়ে দেয়। অভিযোগ, এরপর শুরু হয় তার উপর অত্যাচার। এমনকি ঠিকমত সোমাকে ভরণপোষণ পর্যন্ত দেওয়া হতো না বলে অভিযোগ। পাশাপাশি এমনও অভিযোগ উঠেছে, অসুস্থ হলেও তার চিকিৎসা করা হতো না। 

মধুসূদন বলেন, 'বোনের উপর অত্যাচারের বিষয়ে আমাদের বোন জানাতো। কিন্তু তার সংসারের কথা ভেবে কাউকে কিছু বলিনি। কিন্তু দিনের পর দিন অত্যাচারের মাত্রা বেড়ে যাচ্ছিল। গত দেড় মাস আগে আমার বোনকে আমাদের বাড়ি নিয়ে আসি। প্রায় দশদিন আগে তার শ্বশুর বাড়ির লোকজন ভুল স্বীকার করে বোনকে নিয়ে যায়। গত ২৩ তারিখ সকাল ১০ টা নাগাদ আমার বোন ফোন করে জানায় তার স্বামী ও অন্যান্য পরিবারের সদস্যরা তার উপর পুনরায় অত্যাচার শুরু করেছে। সে কারণে তার শরীর প্রচন্ড খারাপ। তাকে কোন চিকিৎসা করানো হচ্ছে না। এরপর গত ২৪ তারিখ সকালে তার বোনের শ্বশুরবাড়ির একজন ফোন করে জানান বোন স্টোক করেছে । হাসপাতালে ভর্তি রয়েছে সে। এ কথা শুনে বটতলা হাসপাতালে গিয়ে বোনকে মৃত অবস্থায় দেখি। আমার বোনকে পরিকল্পিতভাবে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। অভিযুক্ত পাঁচজনের কঠোর শাস্তি চাই'। এদিকে অভিযুক্তদের মধ্যে ফোনে কাউকে পাওয়া না গেলেও সোমার স্বামীর ভাগ্নে পঙ্কজ দাস বলেন, 'সমস্ত অভিযোগ ভিত্তিহীন। মামি স্টোক করেছিল'।