নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: স্কুলের খেলার মাঠ দখল করে তৈরি করা হয়েছিল দোতলা পাকা বাড়ি। সেই অবৈধ নির্মাণ ভেঙে দিল প্রশাসন। কলকাতা হাইকোর্টের নির্দেশে বিনপুর ১ নম্বর ব্লকের নেপুরা গ্রাম পঞ্চায়েতের খোসাগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের জমিতে বুলডোজার চালিয়ে বাড়িটি ভেঙে ফেলা হয়। অভিযোগ, স্কুলের জমি দখল করে প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য দীনেশ বেজ বাড়িটি তৈরি করেছিল।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলের নামে প্রায় ১.৯ একর জমি রেকর্ডভুক্ত রয়েছে। তার মধ্যে প্রায় এক একর জমি দখল করে বাড়ি তৈরির অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা সরব হয়েছিলেন। জমি পুনরুদ্ধার এবং সীমানা নির্ধারণের দাবিতে বিনপুর ১ নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে লিখিত আবেদন জানানো হয়। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
আদালতের নির্দেশে ভূমি দপ্তরের আধিকারিকরা জমি মাপজোক করে দখলের বিষয়টি খতিয়ে দেখেন। আদালতের নির্দেশ মেনে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় ব্লক প্রশাসন। পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় দোতলা বাড়িটি।



