বিধায়কের নাম ভাঙিয়ে তোলাবাজি রুখতে মাইক হাতে প্রচারে বিজেপি বিধায়ক
  • ২৫ নভেম্বর, ২০২৬ ১৪:৫০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিধায়কের নাম ভাঙিয়ে তোলাবাজির অভিযোগ। কোথাও পুজোর চাঁদা, কোথাও ইউনিয়নের নামে টাকা আদায়। এমনকী টোটো, অটো ও ছোট গাড়ি স্ট্যান্ডে ঢোকানোর জন্যও মোটা টাকা চাওয়ার অভিযোগ উঠছে। এবার সেই তোলাবাজি রুখতে ময়দানে নামলেন হাবড়ার বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডল।

Advertisement

বুধবার, সকালে হাবড়া সুপার মার্কেটে মাইক হাতে প্রচার চালান তিনি। ব্যবসায়ী থেকে শুরু করে টোটো ও অটোচালকদের সতর্ক করেন। তাঁর স্পষ্ট বার্তা, রসিদ ছাড়া কাউকে টাকা দেওয়া যাবে না। ইউনিয়নের নামে টাকা তুললে তার হিসাব রাখতে হবে। ব্যাংক বা অনলাইনে লেনদেন করতে হবে। সেই টাকার অডিটও বাধ্যতামূলক।

দেবদাসের হুঁশিয়ারি, স্ট্যান্ডে গাড়ি ঢোকানোর জন্য দু'লক্ষ বা পাঁচ লক্ষ টাকার দাবি বরদাস্ত করা হবে না। পুরসভার বৈধ স্লিপ ছাড়া কাউকে টাকা দেওয়ার প্রয়োজন নেই। কেউ টাকা চাইলে তাঁকে সরাসরি জানানোর আবেদন করেন বিধায়ক।

ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। তোলাবাজির বিরুদ্ধে সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান। বিধায়কের এই প্রচার ঘিরে হাবড়ার রাজনৈতিক ও ব্যবসায়িক মহলে চর্চা শুরু হয়েছে।