নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: প্রতিবেশী যুবকের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে নিউ কোচবিহারের পুন্ডিবাড়ি থানা এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে কোচবিহার মহিলা থানার পুলিশ।
এদিকে অসুস্থ নাবালিকাকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে। আপাতত সে মাতৃমা বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তবে নাবালিকা স্থিতিশীল রয়েছ বলে মেডিকেল কলেজ সূত্রে খবর।
নির্যাতিতা নাবালিকার মায়ের অভিযোগ, বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে অভিযুক্ত যুবক নাবালিকাকে তুলে নিয়ে যায়। নাবালিকা চিৎকার করার চেষ্টা করলে অভিযুক্ত তার গলা টিপে ধরে বলে অভিযোগ। অভিযুক্ত যুবকের ভাই ছুটে এসে নাবালিকার মাকে বিষয়টি জানায়। বাড়ির লোকেরা ছুটে গেলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় কোচবিহার মহিলা থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার।



