সংবাদদাতা, গঙ্গারামপুর: কুসমণ্ডির বড়গাছি এলাকায় জালসা শুনে আনন্দের সন্ধ্যা কাটিয়ে আর বাড়ি ফেরা হল না। বাড়ি ফেরার পথেই মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু হল তিন যুবকের। মৃতদের নাম সাহাজান আলি (২২), ঋত্বিক আলি (২২) এবং ফৈয়াজ আহাম্মদ (২১)। তিনজনেরই বাড়ি নন্দপুকুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড়গাছি গ্রামে জালসা শুনতে গিয়েছিলেন ওই তিন যুবক। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাতে মহিপাল রাস্তার শমশিয়া গ্রামের কাছে একটি পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের বাইক। দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে, তিন যুবকেরই মৃত্যু হয় ঘটনাস্থলে। এই ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, বাইকের সঙ্গে অন্য কোনও যানবাহনের সংঘর্ষ হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কুশমন্ডি থানার পুলিশ।



