সংবাদদাতা, ময়নাগুড়ি: সন্ধ্যা হলেই দোকানের ঝাঁপ ফেলে শুরু হত অবৈধ মদের কারবার। গোপন সূত্রে এমনই খবর পেয়ে ওই দোকানে হানা দেয় পুলিশ। পুলিশের গাড়ি দেখে ছুট দেয় অভিযুক্ত। পরে সেই অবৈধ দোকানে তালা মেরে দেয় পুলিশ। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের চারের বাড়ি এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, ওই এলাকায় একটি বার খুলে বসেছিল এক ব্যক্তি। সন্ধ্যার পর থেকে সেই দোকানে চলত অবৈধ মদের কারবার। কয়েকদিন ধরেই ওই এলাকায় অভিযান চালাচ্ছিল ময়নাগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এদিন অভিযান চালায় তাঁরা। পুলিশের গাড়ি দেখে ওই এলাকা থেকে চম্পট দেয় অভিযুক্ত। তাঁরা গিয়ে ওখান থেকে ৬৪টি মদের বোতল উদ্ধার করেন। এর পাশাপাশি তাঁরা দোকানটায় তালা ঝুলিয়ে দিয়ে আসে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনা আরও কেউ যুক্ত রয়েছে কি না সেই বিষয়েও খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা।



