নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ভাষা আলাদা, রাজ্যও আলাদা। ফলে নিজের পরিচয় কিংবা বাড়ির ঠিকানা বোঝাতেই কার্যত হিমশিম খেতে হচ্ছিল ৬৯ বছরের এক বৃদ্ধকে। কিন্তু ভাষার সেই বাধা শেষ পর্যন্ত হার মানল পুলিশের মানবিক উদ্যোগ ও নিরলস প্রচেষ্টার কাছে। প্রায় দু’মাস ধরে নিখোঁজ থাকার পর অবশেষে ঝাড়গ্রাম থানার পুলিশের তৎপরতায় পরিবারের কাছে ফিরে গেলেন তামিলনাড়ুর এক বৃদ্ধ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ২০ তারিখ রাতে ঝাড়গ্রাম শহর থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে ঝাড়গ্রাম থানার পুলিশ। বয়স আনুমানিক ৬৯ বছর। উদ্ধার করার পর তাঁর পরিচয় ও বাড়ির ঠিকানা জানার জন্য শুরু হয় জিজ্ঞাসাবাদ। কিন্তু বৃদ্ধ তামিল ভাষায় কথা বলায় সমস্যায় পড়েন পুলিশকর্মীরা। এ আই প্রযুক্তির সাহায্য নিয়েও প্রথম দিকে তাঁর সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ভিডিও কলের মাধ্যমে বৃদ্ধের পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন । জানা যায়, বৃদ্ধের নাম থেথান। তাঁর বাড়ি তামিলনাড়ুতে। আনুমানিক দু’মাস আগে তিরুপতি মন্দির এলাকা থেকে তিনি নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি স্থানীয় থানায় জানিয়েছিলেন। দীর্ঘদিন ধরে খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান না মেলায় একসময় কার্যত আশা ছেড়েই দিয়েছিলেন পরিবারের লোকজন।অবশেষে ঝাড়গ্রাম পুলিশের উদ্যোগে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে।
সোমবার ঝাড়গ্রাম থানার আইসি উদয়শঙ্কর ঘোষের উপস্থিতিতে বৃদ্ধকে তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। ভাষার ব্যবধান ও ভৌগোলিক দূরত্বকে অতিক্রম করে পুলিশের এই উদ্যোগ আরও একবার প্রমাণ করল, মানবিকতার কোনও ভাষা কিংবা সীমানা হয় না।



