সিআইডির ভুয়ো পরিচয়ে তাণ্ডব! বহরমপুরে ফিল্মি কায়দায় টাকা ও গয়না লুটপাট
  • ২৩ নভেম্বর, ২০২৬ ১৮:৪৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরের খাগড়াঘাট স্টেশন সংলগ্ন চাইপাড়া এলাকায় নেমে এল ত্রাসের রাজত্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে রীতিমতো ফিল্মি কায়দায় ব্যবসায়ী রবিউল শেখের বাড়িতে হানা  দিল একদল দুষ্কৃতী। অভিযোগ, শুধু লুটপাট নয়, তল্লাশির নামে বাড়ির অন্দরে চলে বেপরোয়া ভাঙচুর, পরিবারের সদস্যদের মারধর এবং মুখ বেঁধে আটকে রাখার মতো চরম বর্বরতা। এমন দুঃসাহসিক কাণ্ডে কাঁপছে গোটা এলাকা। প্রশ্নের মুখে পড়ে গিয়েছে সাধারণ মানুষের নিরাপত্তা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে দোকান সেরে বাড়ি ফেরার পথেই ওঁত পেতে থাকা দুষ্কৃতীদের খপ্পরে পড়েন রবিউল শেখ। তিনি একজন প্রতিষ্ঠিত মুদি ব্যবসায়ী। রবিবার গভীর রাতে বাড়ির বাইরে সাদা রঙের গাড়ি দাড়িয়ে ছিল। রবিউল মোটরসাইকেল দাঁড় করিয়ে বাড়ি ঢুকতে গেলেই আচমকাই তাঁকে চেপে ধরা হয় এবং মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের কারও গায়ে ছিল কেন্দ্রীয় বাহিনীর ধাঁচের পোশাক, কারও মুখে কালো কাপড়। কেউ নিজেদের সিআইডি পরিচয় দেয়, কেউ কলকাতা থেকে আসা তদন্তকারী দল বলে দাবি করে। পাঁচ-ছয় জনের ওই দলটি ‘বাড়ি চেক হবে’ ও ‘বিপুল টাকা রয়েছে’ বলে জোর করে বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং তাণ্ডব শুরু করে। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা তাণ্ডবে বাড়ির আসবাবপত্র ও নানা সামগ্রী তছনছ করা হয়। এমনকী বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের নির্মমভাবে মারধর করা হয় এবং একটি ঘরে মুখ বেঁধে আটকে রাখা হয় কয়েকজনকে বলে অভিযোগ।

পরিবারের দাবি, এই লুটপাটে প্রায় পাঁচ লক্ষ টাকা, সাত ভরি সোনার গয়না এবং চারটি মোবাইল ফোন-সহ একাধিক মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। 

এদিকে ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের সন্ধান চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে লুট হওয়া তিনটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে বলে খবর। তবে দিনের পর দিন এমন ভুয়ো পরিচয়ে লুটপাটের ঘটনা একদিকে যেমন  প্রশাসনের ঘুম ছুটিয়ে দিয়েছে, তেমনই রাতের অন্ধকারে বহরমপুরের বুকে দুষ্কৃতীদের এই বেপরোয়া আস্ফালন সাধারণ মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।