নাকা চেকিং এড়িয়ে পালানোর চেষ্টা, মাদক সহ গ্রেপ্তার এক যুবক
  • ২৩ নভেম্বর, ২০২৬ ১৪:৩২
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: পুলিশের নাকা চেকিং এড়িয়ে পালানোর চেষ্টা। কিন্তু শেষমেশ পুলিশের জালে ধরা পড়ল এক মাদক পাচারকারী। ঘটনাটি ঘটেছে বীরভূমের কেন্দুডাঙাল গ্রাম সংলগ্ন এলাকায়। এক বিশেষ অভিযানে অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, ধৃতের নাম মিঠুন বাউড়ি। অভিযুক্ত ওই যুবক মোটরবাইকে চেপে ইলামবাজার থেকে বোলপুরের দিকে যাচ্ছিল। সেই সময়ই বল্লভপুর ব্রিজের কাছে পুলিশ নাকা চেকিং করছিল। পুলিশকে দেখেই সন্দেহজনকভাবে নাকা তল্লাশি এড়িয়ে দ্রুত গতিতে মোটরবাইক নিয়ে পালানোর চেষ্টা করে। এরপর তার পিছনে ধাওয়া করে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই পুলিশ অভিযুক্তকে আটক করে। তারপর ওই অভিযুক্তের ব্যাগে  তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় ১ কেজি গাঁজা। মাদক পাচারের অভিযোগে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয় মিঠুনকে।এর পাশাপাশি পাচারের কাজে ব্যবহার করা বাইকটিও বাজেয়াপ্ত করা হয়। ধৃতের বিরুদ্ধে আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আরও কেউ এই ঘটনায় জড়িত আছে কি না সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।