সংবাদদাতা, ঝালদা: পুরুলিয়ার ছৌ নৃত্য ও মুখোশ শিল্পের খ্যাতি ছড়িয়েছে দেশ-বিদেশে। এবার সেই শিল্পের টানে সুদূর ইতালি থেকে পুরুলিয়ার বাঘমুণ্ডির চড়িদা গ্রামে হাজির হয়েছেন এক বিদেশি শিল্পী। ইউরোপের শিল্পচর্চার পরিচিত পরিসর ছেড়ে এখন তাঁর ঠিকানা অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত মুখোশ গ্রাম। ইতালির বাসিন্দা এনরিকা স্টুচি শুধু ছৌ মুখোশ তৈরির কৌশল শিখছেন না, জানার চেষ্টা করছেন শিল্পের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক তাৎপর্যও।
এনরিকার বাড়ি ইতালির বার্গামোতে। বিভিন্ন দেশের শিল্প ও সংস্কৃতি নিয়ে দীর্ঘদিন ধরেই তাঁর আগ্রহ রয়েছে। ইতালিতে পর্যটকদের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর পাশাপাশি বিশ্বের নানা প্রান্তের ঐতিহ্যবাহী শিল্পকলা নিয়ে চর্চা করেন তিনি। ভারতের বিভিন্ন রাজ্যের লোকশিল্প সম্পর্কে ইন্টারনেটে খোঁজখবর করতে গিয়েই চড়িদার ছৌ মুখোশ শিল্পের সঙ্গে তাঁর পরিচয়। এরপর যোগাযোগ করেন চড়িদার শিল্পী ভীম সূত্রধরের সঙ্গে। সেই যোগাযোগের সূত্র ধরে ইতালি থেকে ভারতে আসা এবং হাতে-কলমে প্রশিক্ষণ নেওয়া।
গত ১৮ নভেম্বর বুধবার থেকে ভীম সূত্রধরের কাছে শুরু হয়েছে তাঁর কর্মশালা। চলবে ২৪ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত। ইতিমধ্যেই তিনি ছৌ মুখোশ তৈরির বিভিন্ন ধাপ শেখার পাশাপাশি রং করার কাজেও হাত পাকিয়েছেন। রবিবার তাঁকে একটি গণেশের মুখোশে কাজ করতে দেখা যায়। নিজের হাতে একটি অসুরের মুখোশ তৈরি করে ইতালিতে নিয়ে যাওয়ার ইচ্ছাও রয়েছে তাঁর। এনরিকা বলেন, ছৌ মুখোশের সূক্ষ্ম কারিগরি, শিল্পকর্মের বৈচিত্র্য এবং এই শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস আমাকে মুগ্ধ করেছে। আমি শুধু ছৌ মুখোশ তৈরি শিখতে আসিনি, ইতিহাসও জানতে চাই। এখানকার মানুষের সংস্কৃতি খুব প্রশংসনীয়। ইতালিতে ফিরে প্রদর্শনীর মাধ্যমে ভারতের নানা শিল্প তুলে ধরতে চাই।
শিল্পী ভীম সূত্রধর দীর্ঘদিন ধরেই ছৌ মুখোশ তৈরির সঙ্গে যুক্ত। ছোটবেলা থেকে এই শিল্পের কাজ শিখেছেন তিনি। এর আগেও দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে বিদেশি আগ্রহী শিল্পীদের প্রশিক্ষণ দিয়েছেন। তিনি বলেন, আমাদের দেশের এই শিল্পকলা বিদেশেও পরিচিতি পাচ্ছে, এটা গর্বের বিষয়। গ্রামের মানুষ থেকে পর্যটক, সকলেই দেখছেন একজন বিদেশি ছাত্রী প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁর দাবি, এনরিকা খুব মনোযোগ দিয়ে কাজ শিখছে। • নিজস্ব চিত্র



