অগ্নিভ ভৌমিক, নবদ্বীপ: নবদ্বীপ ও মায়াপুরকে সংযোগ করতে স্থায়ী সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেতু নির্মাণ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আধুনিক, সুসজ্জিত লঞ্চ পরিষেবা চালুর আশ্বাসও দিলেন তিনি। নবদ্বীপের রাস উৎসবের উদ্বোধনে এসে নবদ্বীপের শ্রীচৈতন্য গবেষণা কেন্দ্রের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে ২ কোটি টাকা এবং গৌরাঙ্গ জন্মস্থান মন্দিরের গোশালার পরিকাঠামো উন্নয়নে ১ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ঘাট সংস্কার, সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন এবং নবদ্বীপের ধর্মীয় ঐতিহ্যকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরার পরিকল্পনার কথাও জানান তিনি। রবিবার নবদ্বীপের রাস উৎসবে যোগ দিতে এসে চারটি জায়গা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের সঙ্গে মিশে কোথাও আরতি করেন, কোথাও মঞ্চে খঞ্জনি বাজিয়ে কীর্তনে অংশ নেন। ভক্তদের মধ্যে খোল, করতাল বিতরণ করতেও দেখা যায় তাঁকে। মুক্তিসূর্য ক্লাবের ভারতমাতা পুজোর উদ্বোধনী মঞ্চ থেকে নবদ্বীপ ও শান্তিপুরের রাস উৎসবকে আরও বৃহত্তর পরিসরে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
নবদ্বীপ-মায়াপুরের যোগাযোগ ব্যবস্থা নিয়ে বিশেষ গুরুত্ব দেন তিনি। স্থায়ী সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সেতু তৈরিতে সময় লাগবে। তার আগে যাতায়াতের জন্য আধুনিক ও সুসজ্জিত লঞ্চ পরিষেবা চালু করা হবে। ঘাটগুলিরও নতুন করে সংস্কার করা হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘একটা ঘাট তৈরি করেছিল শুনলাম। সেটাও চলে না, ভাঙা ঘাট। আমি এই ঘাট সম্পূর্ণভাবে একদম ভালো করে সুন্দর তৈরি করার জন্য ব্যবস্থা নেব। এখানে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যতক্ষণ না স্থায়ী ব্রিজ তৈরি হচ্ছে, ততদিন এখানে সুসজ্জিত আধুনিক লঞ্চ যাতায়াত করবে।’
এদিন নবদ্বীপ ও মায়াপুরের মধ্যে সংযোগকারী সেতু নির্মাণের জন্য আবেদন করা হয় বিজেপির নবদ্বীপ শহর উত্তর মণ্ডলের পক্ষ থেকে। এদিনই সেতু নির্মাণের প্রস্তুতি নিয়েও প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক তাঁকে জমি সমীক্ষার কাজ শুরু হওয়ার কথা জানালে দ্রুত জমি অধিগ্রহণের নির্দেশ দেন তিনি। বলেন, জমি কেনার টাকা রাজ্য সরকার দেবে। সেতুর জন্য কেন্দ্রীয় সরকার অর্থ দিলেও জমি কেনার খরচ দেবে না। তাই রাজ্য দ্রুত জমি অধিগ্রহণের কাজ শেষ করবে। সয়েল টেস্ট এবং ডিপিআর তৈরির কাজও দ্রুত করার নির্দেশ দেন। আগামী ২৬ তারিখ কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি আসবেন বলেও জানান তিনি। রাজ্য ও কেন্দ্র যৌথভাবে সেতু নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
শ্রীচৈতন্য গবেষণা কেন্দ্রের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করা ও গোশালার সম্প্রসারণে অর্থ বরাদ্দ করে তিনি জানান, ডিসেম্বরের মধ্যেকাজ এগিয়ে নেওয়া হবে। ঘাট নির্মাণ ও লঞ্চ পরিষেবা চালুর জন্য দু’মাস সময় লাগবে। কাজ সম্পূর্ণ হলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফের নবদ্বীপে আসবেন বলে জানান তিনি। সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অসম্পূর্ণ পরিকাঠামো উন্নয়ন, গুরুকুল ও সংস্কৃত টোলের পরিকল্পনাতেও অর্থের অভাব হবে না বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। নবদ্বীপকে ধর্মীয় ঐতিহ্য, পরিকাঠামো ও প্রচারের ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানান তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ‘নবদ্বীপকে এমন জায়গায় নিয়ে যেতে হবে, যাতে গোটা পৃথিবীর মানুষ নবদ্বীপ নগরে আসে।’



