সংবাদদাতা, খড়্গপুর: দেশের প্রথম ‘এআই হাব’ গড়ে উঠতে চলেছে খড়্গপুর আইআইটিতে। সেই প্রকল্পে দেশের এই প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠানকে ৪৬ কোটি টাকা সহায়তা দিতে চলেছে মার্কিন সংস্থা ‘গুগল’। এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন আইআইটি খড়্গপুরের প্রাক্তনী তথা গুগলের সিইও সুন্দর পিচাই। শনিবার আইআইটি খড়্গপুরের প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠানের মঞ্চ থেকে এই ঘোষণা করেন প্রতিষ্ঠানের ডিরেক্টর সুমন চক্রবর্তী। তিনি বলেন, ‘আগামী দিনে এআই গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে খড়্গপুর আইআইটি।’ তিনি মনে করিয়ে দেন, ইতিমধ্যেই ৩৫ কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম ফিজিক্যাল এআই স্কুল গড়ে উঠতে চলেছে খড়্গপুর আইআইটিতে। সেখানে আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু হচ্ছে ফিজিক্যাল এআই-এর উপর এম টেক কোর্স।
কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তবমুখী প্রয়োগের উদ্দেশ্যেই ‘বেঞ্জামিন গুপ্তা স্কুল অব ফিজিক্যাল এআই’ গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন খড়্গপুর আইআইটির ডিরেক্টর। এই প্রকল্পে আইআইটির আরেক বিখ্যাত প্রাক্তনী বিনোদ গুপ্তের পরিবার ১২.৫ কোটি টাকা দেবে। বিনোদবাবুর প্রয়াত পুত্র বেঞ্জামিন গুপ্তের স্মৃতিতেই এআই স্কুলের নামকরণ করা হয়েছে। এবার ‘অ্যাপ্লায়েড এআই রিসার্চ’-এর জন্য ৪৬ কোটি টাকা (৫ মিলিয়ন মার্কিন ডলার) দিতে চলেছে গুগল। প্রতিষ্ঠানের ৭৫তম বর্ষপূর্তিতে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (ধাতুবিদ্যা ও উপাদান প্রকৌশল) বিভাগের প্রাক্তনী সুন্দর পিচাইয়ের উদ্যোগেই মূলত এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে খড়্গপুর আইআইটিকে। ডিরেক্টর সুমনবাবু বলেন, প্রয়োগভিত্তিক এআই গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে এই অর্থ সাহায্যের পরিকল্পনা করেছেন প্রতিষ্ঠানের প্রাক্তনী সুন্দর পিচাই।
গুগল ও অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই একটি বিবৃতিতে জানিয়েছেন, ভারতীয় ভাষা, কৃষি ও শিক্ষার মতো ক্ষেত্রে আইআইটি খড়্গপুরের কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে চায় গুগল। এই সহযোগিতা আগামী প্রজন্মের পড়ুয়াদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেওয়ার পাশাপাশি দেশে এআই প্রযুক্তির প্রসারেও সহায়ক হবে। উল্লেখ্য, আইআইটি খড়্গপুরের তরফে এআই, ডেটা সায়েন্সের উপর বাংলায় চার বছরের বিএস কোর্স পড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। ডিরেক্টর বলেন, ‘এআই-কে এড়িয়ে যাওয়া সম্ভব নয়, বরং তাকে সঙ্গে নিয়েই আমাদের চলতে হবে। আর সেজন্যই বিভিন্ন ক্ষেত্রে এআই-এর বাস্তবমুখী প্রয়োগে আমরা উদ্যোগী হচ্ছি।’- নিজস্ব চিত্র



