মুর্শিদাবাদের মোতিঝিলে পরিযায়ী পাখি দেখতে ভিড়
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: হালকা ঠাণ্ডা পড়তেই মুর্শিদাবাদ থানার ঐতিহাসিক মোতিঝিলে পরিযায়ী পাখিরা দলে দলে আসতে শুরু করেছে। ঝিল ও সংলগ্ন ডাঙায় ঘাঁটি গেড়েছে শীতের অতিথি বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি। পাখিদের হাঁকডাকে রীতিমতো সরগরম ঝিল এবং সংলগ্ন এলাকা। পাখি দেখতে দিনভর মোতিঝিলে ভিড় জমাচ্ছে স্থানীয় এবং পার্শ্ববর্তী এলাকার কচিকাঁচারা। এদিকে পরিযায়ী পাখিদের আগমনের সঙ্গে চোরা শিকারিদের আনাগোনা শুরু হয়েছে। শীতের অতিথিদের পাখি শিকারীদের হাত থেকে রক্ষা করতে ঝিলের চারিদিকে নজরদারি চালাচ্ছেন স্থানীয় যুবকরা। শীতের শুরুতেই পরিযায়ী পাখিরা আসতে শুরু করায় খুশীর হাওয়া স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে । 

Advertisement

মুর্শিদাবাদ পুরসভার ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত নবাবি স্থাপত্যের অন্যতম নিদর্শন মোতিঝিল মসজিদ। মসজিদের সামনে রয়েছে প্রায় সাড়ে ছয়শো বিঘে জায়গা জুড়ে অশ্বখুরাকৃতি ঝিল। নবাব আলীবর্দির খাঁর জামাই নওয়াজেস খাঁ এই ঝিলটি খনন করান। নবাবি আমলে মোতি অর্থাৎ মুক্তো চাষ হত বলে ঝিলটি মোতিঝিল নামে পরিচিত হয়। বর্তমানে ঝিলটি মুর্শিদাবাদ পুরসভার ১ নম্বর ওয়ার্ড এবং নতুন গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত। নবাবি শাসনের অবসানের পর দীর্ঘদিন ধরে ঝিলটি পরিচর্চাহীন হয়ে পড়েছিল। সংস্কারের অভাব এবং অবহেলায় বিশালাকার ঝিলটি বদ্ধ জলাশয়ে পরিণত হওয়ায় শীতে পরিযায়ী পাখিদের দেখা মিলত না। কোনো বছরে পাখিদের দল এলেও দুই একদিন পরেই অন্যত্র চলে যেত। বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে ঝিল সংলগ্ন জমিতে অত্যাধুনিক পার্ক প্রকৃতি তীর্থ গড়ে উঠেছে। পাশাপাশি ঝিলটিরও সংস্কার হয়েছে। অনুকূল পরিবেশ ফিরতেই গত কয়েক বছর ধরে শীতের মরসুমে পরিযায়ী পাখির দল ঝিলে আসছে। চলতি বছরে অনেকটা আগাম আসতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা বলেন, বিগত পাঁচ-ছয় বছর ধরে শীতের শুরু থেকে দলে দলে পাখি আসছে। পাখি দেখতে কচিকাঁচারা সকাল থেকেই ঝিলের পাড়ে ভিড় জমাচ্ছে। শীতে পরিযায়ী পাখি আসা শুরু হতেই পাখি শিকারিরা সক্রিয় হয়ে ওঠে। পাখি শিকারিদের হাত থেকে শীতের অতিথিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নজরদারি শুরু করেছে স্থানীয় যুবকরা। স্থানীয় যুবক সেলিম শেখ বলেন, শীতের অতিথিদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তাই সবাই মিলে নজরদারি চালাই। মোতিঝিল পার্কের কর্মী সিরাজুল শেখ বলেন, এইসময় পরিযায়ী পাখিদের টানেই অনেক পর্যটক পার্কে ভিড় জমান।  প্রতীকী চিত্র