রেল প্রকল্পে কাজ দেওয়ার নামে  কোটি টাকা হাতানোর অভিযোগ, বিজেপি বিধায়ক-ঘনিষ্ঠের জামিন নাকচ
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বিজেপি নেতার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে ধৃত পাহাড়ে বিধায়ক-ঘনিষ্ঠ এক ব্যক্তির জামিন নাকচ করল আদালত। ধৃতের নাম রিভা লামা। অভিযোগ, সেভক-রংপো রেল প্রকল্পের নির্মাণ কাজ যৌথভাবে করার প্রতিশ্রুতি দিয়ে তিনি সমতলের বিজেপির এক নেতার থেকে এক কোটি টাকা হাতিয়ে নেন। রবিবার শিলিগুড়ি আদালত ধৃতকে পাঁচদিনের পুলিশ হেপাজত দিয়েছে। পুলিশি তদন্তে আর্থিক লেনদেনের নথি সহ অভিযোগের সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

বিজেপির টিকিটে জয়ী বিধায়ক নোমান রাই। শনিবার মাটিগাড়ার একটি শপিং মলে তাঁর সঙ্গে বসে কফি খাচ্ছিলেন অভিযুক্ত। নোমান অবশ্য গোর্খা জনমুক্তি মোর্চার নেতা। সংশ্লিষ্ট কাফেতে হানা দিয়ে তাঁর সঙ্গীকে পুলিশ গ্রেপ্তার করায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নোমান অবশ্য বলেন, এর সঙ্গে আমার কিংবা রাজনীতির কোনো সম্পর্ক নেই। শিলিগুড়ির এক ব্যক্তির অভিযোগে রিভাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এটা রিভা ও অভিযোগকারীর ব্যবসায়িক বিষয়। এই ব্যাপারে আইন আইনের পথেই চলবে। 
অভিযোগকারীর ভাই বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির 
সহ সভাপতি মানিক অরোরা। তিনি বলেন, সেভক-রংপো রেল প্রকল্পে যৌথভাবে কাজ করার জন্য ২০২৪ সালে দাদা শুভঙ্করের কাছ থেকে এক কোটি টাকা হাতিয়ে নেন রিভা। প্রতিশ্রুতি মতো কাজ মেলেনি আবার টাকাও ফেরত দেননি। ওই টাকা আমার এবং মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে রিভাকে দেওয়া হয়। টাকা ফেরত চাইলেই হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি নিয়ে ১৮ নভেম্বর শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ করেন দাদা। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।