লোকালয়ে তাণ্ডব হাতির, ঘুম উড়েছে এলাকাবাসীর
  • ২৩ নভেম্বর, ২০২৬ ১০:৫০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: খাবারের খোঁজে জঙ্গল ছেড়ে লোকালয়ে হানা দিচ্ছে হাতির দল। সন্ধ্যা হলেই জলঢাকা নদী পেরিয়ে গ্রামে ঢুকে বিভিন্ন এলাকা দাপিয়ে বেড়ায় তারা। এই ঘটনায় আতঙ্কে দিন গুনছে ময়নাগুড়ির বাসিন্দারা।

Advertisement

জানা গিয়েছে, সন্ধ্যা হলেই খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ছে ১০-১৫টি হাতির দল। তারপর বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তারা। স্থানীয় বাসিন্দারা জানান, ‘একসঙ্গে ১০-১৫টি হাতি লোকালয়ে ঢুকে পড়ছে। কিছুদিন আগে কাশিয়াবাড়ি এলাকায় হাতির হামলায় গুরুতর জখম হন এখ বৃদ্ধ। আতঙ্কে ঘুম উড়ে গিয়েছে এলাকাবাসীর।’ এদিন রাতে দোমহনি-১ গ্রাম পঞ্চায়েতের তিস্তা নদীর চর এলাকায় ফের তাণ্ডব চালালো হাতিরা। তাদের আক্রমণে ভেঙে গিয়েছে একাধিক ঘরবাড়ি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক বৃদ্ধাকে কোলে করে উদ্ধার করেন পুলিশকর্মীরা। তারপর তাঁকে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়। পুলিশের এই মানবিক উদ্যোগে প্রাণে বাঁচেন ওই বৃদ্ধা। তবে লাগাতার হাতির হানায় ফসল ও ঘরবাড়ি নষ্ট হওয়ায় বন দপ্তরের নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন আতঙ্কিত গ্রামবাসীরা।