ঝাড়গ্রাম শহরে লাল ব্যাগ রহস্য, বোমাতঙ্কের খবরে চাঞ্চল্য
  • ২৩ নভেম্বর, ২০২৬ ১২:১৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: সপ্তাহের শুরুতেই বোমাতঙ্ক ঝাড়গ্রামে। আজ সকালে ঝাড়গ্রাম শহরের শিবমন্দির মোড় সংলগ্ন রোডে একটি লাল রঙের ব্যাগ পড়ে থাকাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকায়। শহরের কোর্ট রোড ও জুবিলী মার্কেটের ঢোকার রাস্তায় ব্যারিকেড করে দেওয়া হয়। রাস্তা দিয়ে মানুষ জনের চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি বোম স্কোয়াড টিমকে ডেকে পাঠানো হয়েছে ইতিমধ্যেই। এই ঘটনা ঘিরে এলাকায় বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় সাড়ে দশটার সময় বোম স্কোয়াডের সদস্যরা এসে  সতর্কতার সঙ্গে লাল ব্যাগটি গাড়িতে তুলে নিয়ে যান।

Advertisement

ঝাড়গ্রাম শহরের ব্যস্ততম এলাকা কোর্ট রোড মোড়। রাস্তার দুইপাশে দোকান। আদিবাসী মার্কেটের সামনের রাস্তায় ছিল ব্যাগটি। সেইখান থেকে হাঁটা পথে কিছুটা এগোলেই ঝাড়গ্রাম আদালত ও রেল স্টেশন। ব্যাগটি দীর্ঘক্ষণ রাস্তার মধ্যে পড়ে থাকায় পথ চলতি মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটানস্থলে এসে পৌঁছয় ঝাড়গ্রাম থানার পুলিশ। এরপর রাস্তায় দুইদিকে ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়। বোম স্কোয়াডের টিমের সদস্যরা এসে ব্যাগটি প্রথমে স্ক্যান করে। তারপর সন্তর্পনে ব্যাগটিকে গাড়িতে তোলা হয়। 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় সাড়ে ১২ টার সময়ে ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর সকালেও একইভাবে রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। তদন্তকারী দল এসে ব্যাগটিকে উদ্ধার করে  কলাবনীর জঙ্গলে নিয়ে গিয়ে পরীক্ষা করবেন। ব্যাগটি কার এবং কোথা থেকে আসল তা খতিয়ে দেখছে পুলিশ।