ইংরেজিতেও এবার থেকে রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ করার উদ্যোগ রাজ্যের, সরকারি চাকরিতে একগুচ্ছ নিয়োগের সিদ্ধান্ত
  • ২৩ নভেম্বর, ২০২৬ ১৬:৫৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার থেকে আর ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল লেখা হবে না। পরিবর্তন হতে চলেছে এই রাজ্যের ইংরেজি নামের। এবার থেকে বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই ব্যবহার হবে পশ্চিমবঙ্গ নাম। আজ নবান্নে সাংবাদিক সম্মেলন করে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার  বারবার রাজ্যের ইংরেজি নামের পরিবর্তনের দাবি তুলেছিল। সেক্ষেত্রে আগের সরকারের দাবি ছিল রাজ্যের নাম করা হোক বেঙ্গল। কারণ, ওয়েস্ট বেঙ্গল নামের ক্ষেত্রে আদ্যাক্ষরে ডাবলু থাকায় যে কোনো সরকারি অনুষ্ঠানে একেবারে শেষের দিকে নাম আসত এ রাজ্যের। এবার সেই ইংরেজি নামের পরিবর্তন হতে চলেছে। তবে তা বেঙ্গলের বদলে হচ্ছে পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী জানান ৯ ডিসেম্বর এই প্রস্তাব বিধানসভায় পেশ করা হবে। 

Advertisement

অন্যদিকে এদিন ‘ভরসা’ প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শিক্ষিত বেকারদের জন্য এই প্রকল্প। এক্ষেত্রে স্নাতক এবং সরকারি কলেজে ভোকেশনাল ট্রেনিং প্রাপ্তরা প্রতিমাসে ২০০০ টাকা করে পাবেন। আর যারা নন গ্রাজুয়েট তারা পাবেন ১৫০০ টাকা। জানুয়ারি মাস থেকে এই ভাতা চালু করবে সরকার। ভবিষ্যতে এর অর্থ মূল্য বাড়ানো হবে। তখন স্নাতকদের জন্য ধার্য হবে ৩০০০, এবং নন গ্র্যাজুয়েটদের দেওয়া হবে ২০০০ টাকা। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন এক পরিবারের সর্বোচ্চ দুজন অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন।

নিয়োগ ক্ষেত্রেও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এদিন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় রাজ্যে মোট ১০ হাজার ১৪৬টি নিয়োগ করবে রাজ্য। তার মধ্যে সবথেকে বেশি নিয়োগ হবে পুলিশ এবং ইস্টার্ণ ফ্রন্টিয়ার রাইফেলে। এছাড়াও নিয়োগ হবে শিক্ষা, পঞ্চায়েত এবং স্বাস্থ্য দপ্তরে। পাশাপাশি বিভিন্ন সরকারি চাকরিতে নিয়োগের যে পরীক্ষা হয় তার জন্য পরীক্ষার্থীদের কোন ফি দিতে হবে না । এখন থেকে রাজ্য সরকার পরীক্ষার খরচ বহন করবে। অন্যদিকে বিভিন্ন সরকারি হোমের আবাসিকদের দৈনিক খাবারের জন্য বরাদ্দ ৫৬ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হল মন্ত্রিসভার বৈঠকে।