নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: আশপাশে একগুচ্ছ সরকারি অফিস। এক সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও থাকতেন সেখানে। সল্টলেকে সিজিও কমপ্লেক্স সংলগ্ন ইন্দিরা ভবনের পিছনে বর্জ্য সংগ্রহের স্থান প্রতিদিন জঞ্জালে ভরে উঠত। শুধু দৃশ্য-দূষণ নয়, দুর্গন্ধে পাশ দিয়ে হাঁটাও ছিল মুশকিল। দীর্ঘদিন ধরে মানুষের এই সমস্যার কোনও সমাধান হয়নি। অবশেষে শহরকে পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী হয়েছে বিধাননগর পুরসভা। দীর্ঘ কয়েক বছর পর ইন্দিরা ভবনের পিছন থেকে সরল সেই বর্জ্য সংগ্রহের স্থান। যেখানে আবর্জনার স্থূপ থাকত, সেখানে এখন ফুলের টব।
ইন্দিরা ভবনের পিছনের ওই অংশে আশপাশের বর্জ্য প্রথমে জমা করা হত। তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হত ধাপায়। শহরের বাসিন্দাদের কথায়, পালাবদলের আগে সেই জঞ্জাল নিয়মিত সাফাই করা হত না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার সল্টলেকের জঞ্জাল সাফাই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। কিন্তু, তাঁরই দলের নির্বাচিত প্রতিনিধিদের অবশ্য তার পরেও টনক নড়েনি। শহরের জঞ্জাল সাফাই যে তিমিরে ছিল, সেই তিমিরেই।
পালাবদলের পর জঞ্জাল সাফাই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কোথাও যাতে জঞ্জাল না জমে থাকে, তার উপর নজর দেওয়া হয়েছে। সেই সঙ্গে ইন্দিরা ভবনের পিছনের ওই অংশটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে জৎ্জাল সংগ্রহের ব্যবস্থা। ইন্দিরা ভবনের পিছনের অংশটিতে ফুলের টব দিয়ে সাজানো হয়েছে। প্রসঙ্গত, সল্টলেকের ১৩ নম্বর ট্যাঙ্ক সংলগ্ন কমপ্যাক্টর স্টেশনের বেহালও ছবি ছিল। ওই স্টেশনের জঞ্জাল প্রতিদিন উপচে চলে আসত মূল রাস্তার উপর! কখনও কখনও জঞ্জালের দখলে চলে যেত রাস্তার একদিনের লেনের অর্ধেকের বেশি অংশ। সেটিও এখন পরিষ্কার-পরিচ্ছন্ন।



