বেনামি গোডাউনে দাহ্য বস্তু মজুত, স্বতঃপ্রণোদিত মামলায় আটক দুই
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউতে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। ছাই হয়ে যায় বসতি এলাকার মধ্যে থাকা একটি অস্থায়ী গোডাউন। সেখানে প্রচুর পরিমাণে প্লাস্টিক মজুত ছিল বলে পুলিশকে জানায় দমকল বিভাগ। আগুনের গ্রাস থেকে কোনোভাবে বাঁচানো গিয়েছে আশপাশের বসতি এলাকাকে। কিন্তু, কড়েয়া থানা এলাকার ওই বসতির মধ্যে গোডাউনের অনুমতি পেলেন কি করে মালিক? সেই মালিকের খোঁজ করতে গিয়েই চাঞ্চল্যকর তথ্য পান তদন্তকারীরা। বেনামে গোডাউনটি দখল করে প্রচুর পরিমাণে প্লাস্টিকজাত দাহ্য বস্তু মজুত করে রাখা ছিল। প্রায় বছর তিনেক ধরে এই কাজ চলত পাম অ্যাভিনিউর ওই এলাকায়। বেআইনি কর্মকাণ্ডের জেরে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল কড়েয়া থানার পুলিশ। আটক করা হয়েছে ২ জনকে। তাঁদের জেরা করে মূল অভিযুক্তদের সন্ধান পেতে চাইছেন তদন্তকারীরা। 

Advertisement

বৃহস্পতিবার ভোররাত পৌনে চারটে নাগাদ ভয়াবহ আগুন লাগে ৮/২ পাম অ্যাভিনিউর একটি গোডাউনে। দমকলের ১৪ ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও সেই আগুন সম্পূর্ণভাবে নেভাতে ১০ ঘণ্টার বেশি সময় লাগে। ঘটনাস্থলে পৌঁছয় কড়েয়া থানার পুলিশ। সেদিনই গোডাউনটি কার, তা নিয়ে খোঁজখবর চালায় পুলিশ। স্থানীয় বাসিন্দারাই জানান, গোডাউনের কোনো নাম নেই। স্থানীয় এক নেতার গোডাউন বলে পরিচিত। এলাকাবাসীর দাবি, শেখ শাহনওয়াজ ও ছোটু বলে দুই যুবক এই গোডাউনে প্লাস্টিকজাত সামগ্রী রাখাতেন। তাঁদের সঙ্গে আরো অনেকে কাজ করতেন। প্রাথমিক অনুসন্ধানে সেই গোডাউনের কোনো মালিকানার সন্ধান পাননি তদন্তকারীরা। শুধু তাই নয়, কলকাতা পুরসভার নথিতেও ওই ঠিকানায় কোনো গোডাউনের অনুমতি দেওয়া হয়নি বলে পুলিশ সূত্রে খবর। তদন্তকারীদের দাবি, এই গোডাউনটি বেনামে প্রভাব খাটিয়ে চালানো হতো। সেই প্রভাব কে খাটাতেন? নেপথ্যে কোনো বড় নাম রয়েছে কি?
বিষয়টি স্পষ্ট করে জানতেই শেখ শাহনওয়াজ ও ছোটুকে আটক করেছে কড়েয়া থানার পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তারা কাদের হয়ে ওই গোডাউনে দখল করে মালপত্র রাখতেন, তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। উল্লেখ্য, ঘটনার পর এই দুই অভিযুক্তের মধ্যে কেউ-ই সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। তাঁরা এলাকাছাড়া ছিলেন। পরে তাঁদের আটক করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনিভাবে প্লাস্টিকজাত দাহ্য বস্তু মজুত করার নির্দিষ্ট ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে লালবাজার।