মহারাষ্ট্রে ডিজিটাল অ্যারেস্টে প্রতারণা  কলকাতার অ্যাকাউন্টে টাকা, গ্রেপ্তার
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাইবার প্রতারণার টাকা গচ্ছিত রাখার সুযোগ করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন কলকাতার এক ট্যুর ও ট্রাভেলস ব্যবসায়ী। রাহুল বন্দ্যোপাধ্যায় নামে ওই অভিযুক্তকে ঠাকুরপুকুর এলাকা থেকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশ। ওই ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্টে প্রতারণার তিন লক্ষ টাকা এসেছিল বলে জানা গিয়েছে। তাঁর সঙ্গে সাইবার জালিয়াতদের যোগাযোগ কীভাবে গড়ে উঠল, তা জানতে ধৃতকে জেরা করছে মহারাষ্ট্র পুলিশ।

Advertisement

অক্টোবর মাসে মহারাষ্ট্রে ডিজিটাল অ্যারেস্টের শিকার হন এক বৃদ্ধা। তাঁকে ফোন করে সাইবার জালিয়াতরা জানায়, তিনি মাদক কারবারে যুক্ত! মুম্বই বিমানবন্দরে যে বেআইনি মাদক ধরা পড়েছে, তা নাকি তাঁর কাছেই যাচ্ছিল। এসব শুনে বৃদ্ধা ভয় পেয়ে যান। জালিয়াতরা জানায়, তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে। টানা ১৫ দিন তাঁকে বাড়ি থেকে বেরতে নিষেধ করে অভিযুক্তরা। গ্রেপ্তারির হাত থেকে বাঁচতে কী করতে হবে, জানতে চাইলে প্রতারকরা একটি ব্যাংক অ্যাকাউন্ট পাঠায়। তাতে টাকা জমা করতে বলে। তাদের কথামতো তিনি ৮৫ লক্ষের বেশি টাকা দিয়ে বসেন। তারপরেও টাকা দাবি করতে থাকে অভিযুক্তরা। এরপর বিষয়টি তিনি পরিবারকে জানালে তাঁরা বুঝতে পারেন যে বৃদ্ধা সাইবার প্রতারকদের শিকার। তখন পুলিশের দ্বারস্থ হন তাঁরা।  
তদন্তে নেমে পুলিশ ওই বৃদ্ধার ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের নথি সংগ্রহ করে। তা খতিয়ে দেখে তারা জানতে পারে, তিন লক্ষ টাকা ঢুকেছে কলকাতার একটি ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানির অ্যাকাউন্টে। সেই টাকা আবার তুলেও নেওয়া হয়েছে। এরপরই মহারাষ্ট্র পুলিশ শনিবার কলকাতায় আসে। স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয় রাহুল বন্দ্যোপাধ্যায় নামে ওই ব্যবসায়ীকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জেনেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজনের সঙ্গে ধৃতের পরিচয় হয়েছিল। সে অভিযুক্তকে জানায়, তার এক পরিচিত টাকা পাঠাবে। তার নিজের ব্যাংক অ্যাকাউন্টে কিছু সমস্যা চলছে। তাই সে ওই টাকা ‘রিসিভ’ করতে পারছে না।  এরপরই ওই ব্যবসায়ীর অ্যাকাউন্টে তিন লক্ষ টাকা আসে বলে অভিযোগ। পরে সেই টাকা তুলে তিনি পাঠিয়ে দেন। এই টাকার কোনো কমিশন অভিযুক্ত পেয়েছিলেন কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।