মাটিতে পা দিলে বেরিয়ে আসছে জল! মাঠের পর মাঠ পেরিয়েই জগদ্ধাত্রী ঠাকুর দেখার ধুম
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রিষড়া: তখন সবে দুপুর পেরিয়ে বিকেল নামছে। রিষড়া পশ্চিম পাড়ের দাসপাড়া নিউ ভাই ভাই সংঘের মণ্ডপ চত্বরে তখনো গত দুদিনের বৃষ্টির রেশ লেগেছিল ভালো মতো। মাটিতে পা দিতেই জল বেরিয়ে আসছিল চাপে। দর্শক ততক্ষণে আসতে শুরু করেছেন ভলোই। তারই মধ্যে দ্রুত গতিতে মাঠে বালি ফেলতে ব্যস্ত হয়ে পড়েছিলেন কর্মীরা। ফেলা হয়েছিল কাঠের পাটাতনও। তারই উপর দিয়ে জল বাঁচিয়ে মণ্ডপে ঢুকছিলেন দর্শক। ওইটুকু অসুবিধা গায়েই মাখলেন না কেউ। অপরূপ মাতৃপ্রতিমার সামনে দুদণ্ড দাঁড়ালেন দর্শক। প্রণাম করলেন ভক্তিভরে। ফের ভেজা মাঠ পেরিয়ে রওনা দিলেন পরের  মণ্ডপের দিকে।

Advertisement

অসময়ের বৃষ্টির দাপট যে উৎসবের আলো নিভিয়ে দিতে চেয়েছিল, তা যেন নতুন করে জ্বলে উঠল মণ্ডপে মণ্ডপে। ফের প্রাণ পেল রিষড়ার জগদ্ধাত্রীপুজো। আগামীকাল মঙ্গলবার এখানকার বিসর্জন তথা কার্নিভাল। তার আগে রবিবারের ছুটির দিনটিকে ঠাকুর দেখার জন্যই তুলে রেখেছিলেন রিষড়াবাসী ও আশপাশের এলাকার বাসিন্দারা। ফলে বিকেল থেকেই ভিড় জমল সর্বত্র। তারই মধ্যে চলল জল সরানোর কাজও।
লক্ষ্মীপল্লি অধিবাসীর মণ্ডপের কর্মীরাই বললেন, আপাতত পিছন দিকের রাস্তা দিয়েই আপনারা প্রতিমা দর্শন করুন। মূল প্রবেশের রাস্তাটা আর একটু শুকনো করে দিচ্ছি বালি ঢেলে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার সৌজন্যে ভাইরাল হয়ে যাওয়া ব্রহ্মানন্দ কেশবচন্দ্র হাইস্কুলের মাঠের সামনের পুজোয় সন্ধ্যা হতেই উপচে পড়ল ভিড়। রাস্তার দুধারে পরপর দোকান বসেছিল পসরা নিয়ে। অবশেষে হাসি ফিরল দোকানিদের মুখে। মাঠের সামনের ঠান্ডা পানীয়ের দোকনদার জানালেন, রিষড়ার পূর্বপারে তাঁর যে দোকান আছে, আপাতত সেখানে না গিয়ে এখানেই ক্রেতা সমলাচ্ছেন। শুধু কর্মচারীদের উপর ভিড় সামলানোর দায়িত্ব দিতে রাজি নন তিনি।
রিক্রিয়েশন ক্লাবে এবার কামারপুকুর জয়রামবাটির আবহ। যেন একটুকরো গ্রাম। রয়েছেন রামকৃষ্ণ, সারদা মা। দর্শকদের মন জয় করল এই মণ্ডপ। 
এদিন বিকেলের আগেই পুরো শহরে টোটো চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। কিন্তু ততেও রিষড়া স্টেশনের লেভেল ক্রসিংয়ের হট্টগোল কমানো যায়নি। রেলপথ ‘ক্লিয়ার’ করতে মোতায়েন করতে হয় কয়েক ডজন পুলিস ও সিভিককে। খাটনিতে নাজেহাল হয়ে তাঁরাও ঘনঘন চুমুক দিলেন কালো ঠান্ডা পানীয়ে। পুলিশের উপস্থিতি ছিল প্রতিটি মোড়েও। টোটোগুলির দিকে শ্যেনদৃষ্টি রেখেছিলেন তাঁরা। তবে প্রশাসনের রক্তচক্ষুতে এতটুকু দমে গেলেন না দর্শক। সন্ধ্যা যত জমাট হল, জিটি রোড থেকে অনাথ আশ্রম, যুবগোষ্ঠী, তিনের পল্লির পুজো দেখে কাতারে কাতারে মানুষ ঢুকলেন শহরের পথে পথে। চাউমিন, রোল ফুচকার সঙ্গে চলল ঠাকুর দেখা। মেলা দেখা, নাগরদোলায় চড়ার অনন্দও ফিরল নানা জায়গায়। বাঙ্গুরপার্ক তরুণদলের নয়নজুড়ানো মণ্ডপ আর অপার্থিব মাতৃপ্রতিমা দেখে যাঁরা বেরোলেন, তাঁদের অনেকেই কচিকাঁচাদের চড়ালেন নাগরদোলায়। একই দৃশ্য ফিরল লেনিনমাঠ যুবগোষ্ঠীর পুজো চত্বরেও। আলো ঝলমল রাস্তায় থিকথিকে ভিড় বোঝালো, পঞ্জিকার নির্ঘণ্ট যাই হোক না কেন, রিষড়ার জগদ্ধাত্রী পুজোয় রবিবারই ছিল মহাষ্টমীর রাত।