‘ভিআইপি গ্রুপ’-এ বিনিয়োগ! দু’কোটি টাকা প্রতারণায় বিধাননগরে গ্রেপ্তার দুই
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ইনভেস্টমেন্ট ফ্রড বা বিনিয়োগ প্রতারণা। হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে শেয়ার বাজারে বিনিয়োগ করে সর্বস্ব খুইয়েছেন বহু মানুষ। এবার ‘ভিআইপি গ্রুপে’ বিনিয়োগের ফাঁদে পা দিয়ে ২ কোটি টাকা খোয়ালেন নিউটাউনের এক বৃদ্ধ। ওই ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ডিজিটাল তথ্যের উপর ভিত্তি করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। জেরায় আরও একাধিক তথ্য মিলেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আব্দুল আলিম এবং রাজেশ আলম। আব্দুলের বাড়ি হরিদেবপুর এলাকায়। রাজেশের বাড়ি নিউটাউনেই।

Advertisement

ডিজিটাল অ্যারেস্ট, কেওয়াইসি আপডেট থেকে বিনিয়োগ প্রতারণা— বেশিরভাগ ক্ষেত্রেই জালিয়াতির শিকার হন প্রবীণরাই। কিন্তু এই ধরনের বিনিয়োগ প্রতারণায় শিকার হচ্ছেন তরুণ প্রজন্মের বহু ছেলে-মেয়েও। অতি উচ্চ হারে রিটার্নের টোপ গিলে তাঁরা ফাঁদে পড়ছেন। ইতিমধ্যে বিধাননগরেও একাধিক যুবক-যুবতী এই প্রতারণার শিকার হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউটাউনের ওই প্রতারিত বৃদ্ধ একটি আবাসনে থাকেন। প্রথমে প্রতারকরা তাঁকে যথারীতি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে। তারপর শেয়ার বাজারে বিনিয়োগের টোপ দেয়। সেই সূত্রেই তারা ‘ভিআইপি গ্রুপ’-এর কথা বলে। জানায়, এখানে নাকি সব ভিআইপিরাই বিনিয়োগ করেন। কারণ, এটি নিরাপদ ও অতি দ্রুত অনেক বেশি রিটার্ন মেলে। তাতে আশ্বস্ত হয়ে বৃদ্ধ কয়েক দফায় মোট ২ কোটি ১৩ লক্ষ টাকা বিনিয়োগ করে ফেলেন।
কিন্তু টাকা তুলতে গিয়ে ব্যর্থ হন। তখন প্রতারকরা তাঁকে নানা অজুহাত দিতে থাকে এবং আরও টাকা দাবি করে। তিনি টের পান যে প্রতারকদের খপ্পরে পড়েছেন। গত ৪ ফেব্রুয়ারি বৃদ্ধ বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ গত বুধবার দুজনকে গ্রেপ্তার করে। সাইবার বিশেষজ্ঞদের কথায়, শেয়ার বাজারে বিনিয়োগের টাকা কীভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেই ভুয়ো ব্যালেন্স দেখানোর জন্য প্রতারকরা একটি নকল ইন্টারফেস ডাউনলোড করায়। তাতে যে ব্যালেন্স দেখায়, তা আসলে ভুয়ো। কিন্তু বিনিয়োগকারী ভাবেন, তাঁর টাকা এভাবে দ্রুত গতিতে বাড়ছে। তখন লোভে পড়ে তিনি আরও বিনিয়োগ করেন। পরে যখন টের পান, তখন ফিরে আসার কোনো পথ থাকে না। তাই যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। না হলে জীবনের সমস্ত সঞ্চয় নিমেষের মধ্যে উধাও হয়ে যেতে পারে!