ফের কলকাতার নামী হোটেলে রহস্যমৃত্যু! দরজা খুলতেই বিছানায় মিলল বিদেশি পর্যটকের মৃতদেহ
  • ২৩ নভেম্বর, ২০২৬ ১৩:৪১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের খাস কলকাতার এক নামী হোটেলে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পরেও সাড়া না মেলায় সন্দেহ জাগে হোটেলকর্মীদের মনে। এরপর ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলতেই বিছানার উপর পড়ে থাকা নিথর দেহটি চোখে পড়ে। দ্রুত বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ মার্কেট থানার পুলিশ। দেহটি উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

পুলিশ সূত্রের খবর, ধর্মতলার একটি অভিজাত হোটেলের ১৬০২ নম্বর ঘরে উঠেছিলেন ৬৭ বছর বয়সী ওই মৃত ব্যক্তি। তিনি জার্মান নাগরিক। নাম মিন্টেন থমাস। কলকাতায় বেরাতে এসেছিলেন। জানা গিয়েছে, একটি ভারতীয় ট্র্যাভেল এজেন্সির মাধ্যমেই ভারতে এসেছিলেন ওই জার্মান নাগরিক। প্রথমে দিল্লি, তারপর বারাণসী ঘুরে ২১ তারিখ কলকাতায় পৌঁছন তিনি। আজ, সোমবারও একগুচ্ছ প্ল্যান ছিল তাঁর। ট্র্যাভেল এজেন্সি বহুবার ফোন করে। কিন্তু ফোন ধরেননি মিন্টেন। এরপরেই তারাই হোটেলে খবর দেয়। 

ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। হোটেলে পৌঁছেছে লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা। পুলিশের প্রাথমিক অনুমান, অসুস্থতাজনিত কারণেই মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাশাপাশি বিষয়টি জার্মান দূতাবাসকেও জানানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

এই ঘটনায় হোটেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। কারণ কলকাতা শহরের বুকে হোটেলে মৃতদেহ উদ্ধারের ঘটনা নতুন নয়। অতীতেও কলকাতার বিভিন্ন হোটেল থেকে এমন একাধিক দেহ উদ্ধারের নজির রয়েছে।