নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পথ দুর্ঘটনা কমাতে এবং শহরবাসীর মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ কলকাতা ট্রাফিক পুলিশের। সেফটি অ্যান্ড কাউন্সেলিং প্রোগ্রামের আওতায় আজ সোমবার কলকাতার বিভিন্ন ট্রাফিক গার্ডের অধীন এলাকায় আয়োজন করা হয় সচেতনতা ও কাউন্সেলিং শিবির।
এই কর্মসূচিতে মূলত দুই চাকার গাড়ির চালকদের সচেতন করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বাইক চালানোর সময় হেলমেট পরার প্রয়োজনীয়তা, সঠিকভাবে হেলমেট পরা এবং তার স্ট্র্যাপ ভালোভাবে আটকে রাখার বিষয়ে চালকদের পরামর্শ দেয় কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিকরা। পাশাপাশি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ভয়াবহ পরিণতি সম্পর্কেও সচেতন করা হয় বাইক চালকদের।
কলকাতা ট্রাফিক পুলিশ মারফত জানা গিয়েছে, শুধুমাত্র জরিমানা বা আইনি পদক্ষেপ নয়, সচেতনতা ও কাউন্সেলিংয়ের মাধ্যমে চালকদের মধ্যে দায়িত্বশীল মনোভাব গড়ে তোলাই মূল উদ্যোগ। তাঁরা আরও জানায়, আগামী কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন ধরনের যানবাহন ও পথ ব্যবহারকারীদের নিয়ে এই কর্মসূচি চালানো হবে। প্রতিটি ক্ষেত্রে নির্দিষ্ট পথ নিরাপত্তার সমস্যাকে গুরুত্ব দেওয়া হবে। দ্রুত, নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলাই কলকাতা ট্রাফিক পুলিশের মূল লক্ষ্য।



