নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সোমবার রাতে তালাবন্ধ বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল সিউড়ি শহরের ১৫ নম্বর ওয়ার্ডের লোকনাথ পল্লীতে। গত বুধবার থেকে বাড়িতে কেউ না থাকার সুযোগে বাইরের তালা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। দোতলা বাড়ির মোট সাতটি আলমারি ও তিনটি ডিভান ভেঙে নগদ টাকা, সোনা-রুপোর গয়না এবং কাঁসা-পিতলের বাসনপত্র লুট করে চম্পট দেয় তারা। সোমবার সন্ধ্যায় বাড়ির সদস্যরা ফিরে তালা খুলতেই গোটা বিষয়টি নজরে আসে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ২৫ বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন আল্পনা মুখোপাধ্যায় ও তাঁর পরিবার। গত ১৮ নভেম্বর থেকে বাড়িতে কেউ ছিলেন না। আল্পনাদেবী ও তাঁর স্বামী ছেলের কোয়ার্টারে গিয়েছিলেন এবং মেজো ছেলে গোয়ায় বেড়াতে গিয়েছিলেন। সেই সুযোগেই অনেকটা সময় নিয়ে ঘরের জিনিসপত্র তছনছ করে চোরেরা। আল্পনাদেবী ও তাঁর বৌমা পুষ্পিতা মুখোপাধ্যায়ের অভিযোগ, গোটা বাড়ি তছনচ করেছে দুষ্কৃতীর দল। খোয়া গিয়েছে আল্পনাদেবীর সোনার চেন, কানের দুল, হাতের চুড়ি, নাতনির চেন সহ রুপোর বালা, হার, তাবিজ ও একাধিক রুপোর কয়েন। পাশাপাশি ঠাকুরের জন্য রাখা প্রায় ১২ হাজার টাকা, আল্পনাদেবী এবং মেজো ছেলের বাক্সে থাকা নগদ টাকাও লুট হয়েছে। বাদ যায়নি পিতল ও কাঁসার হাঁড়ি, কড়াই, থালাও।
ঘটনার পর থেকেই চরম আতঙ্কে রয়েছেন পরিবার ও প্রতিবেশীরা। পুষ্পিতাদেবী বলেন, 'অনেকক্ষণ সময় নিয়ে কাজটা করা হয়েছে। মনে হচ্ছে জানাশোনার মধ্যেই কেউ করেছে। আমরা চাইছি দ্রুত যেন ধরা পড়ে।' খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের এক কর্তা জানিয়েছেন, গোটা ঘটনা তদন্ত করে দেখা হবে।



