সংবাদদাতা, ময়নাগুড়ি: নিজের খেলনা নিয়ে খেলতে ব্যস্ত ছিল দুই বছরের শিশুটি। কিন্তু খেলতে খেলতেই যে পুকুরে পড়ে জলে ডুবে মৃত্যু হবে সেটা ভাবতে পারেনি তার পরিবার। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েত এলাকায়।
জানা গিয়েছে, মৃত শিশুটির নাম রিভীক ওরাও। আজ, মঙ্গলবার উঠোনে খেলছিল রিভীক। সেই সময় তাঁর বাবা চা তৈরি করছিল। আর মা কুয়োর পাড়ে কাজে ব্যস্ত ছিল। সবসময়ই নিজের ছেলেকে নজরে নজরে রাখছিলেন। কিন্তু কাজের ব্যস্ততায় ফাঁকি দিয়ে খেলতে খেলতে বাড়ির বাইরে বেড়িয়ে যায় ছেলেটি। তারপর হঠাৎ করেই তাঁরা দেখেন উঠোনে ছেলে নেই। এরপর শিশুটির খোঁজ করা শুরু করে পরিবার। কিন্তু অনেকক্ষণ পর বাড়ির পাশের পুকুরে রিভীককে ডুবে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। তৎক্ষণাৎ ছেলেকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসে পরিবার। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ পরিবারের সদস্যা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।



