সংবাদদাতা, কাটোয়া: হাঁস চাপা পড়েছে টোটোর নীচে। তারজন্য জরিমানা দিতে হবে পাঁচ হাজার টাকা। না হলে টোটো ছাড়া হবে না। এমন জুলুমবাজির ঘটনায় সোমবার বিজেপির পক্ষ থেকে সালিশি সভা পরিণত হল রণক্ষেত্রে। বিজেপি নেতাদের বেধড়ক মারধর করা হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দু’ পক্ষের বিরুদ্ধেই মারপিটের অভিযোগ উঠেছে। মহিলাদেরও লাঠি হাতে বের হতে দেখা গিয়েছে। এলাকায় এ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে আউশগ্রামের ভেদিয়া অঞ্চলের নৃসিংহপুর গ্রামের বাসিন্দা জবলে মার্ডির টোটোতে চাপা পড়ে মারা যায় প্রতিবেশী সোম সোরনের একটি হাঁস। এরপরেই সোম সোরেন লোকজন ডেকে টোটোটিকে আটকে পাঁচ হাজার টাকা জরিমানা দাবি করেন। এ নিয়ে তুমুল অশান্তি হয় পাড়াতে। জবলে মার্ডি স্থানীয় বিজেপি নেতাদের বিষয়টি মিটিয়ে দেওয়ার জন্য লিখিত ভাবে আবেদন জানান। এদিন সকালে নৃসিংহপুর গ্রামে আউশগ্রাম-২ মণ্ডলের সম্পাদক ষষ্ঠীরাম মাঝি সহ বেশ কয়েকজন নেতা সালিশি সভা ডাকেন। সেখানে দু’ পক্ষকেই ডাকা হয়েছিল। আটকে রাখা টোটোটি ছেড়ে দেওয়ার কথা বলতেই বিজেপি নেতা ষষ্ঠীরাম মাঝির উপর হামলা চলে। অভিযোগ, সোম মার্ডি, বিপদ মার্ডি সহ বহু লোক তাঁদের লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। পাড়ার মহিলারাও বাঁশ, লাঠি নিয়ে ওই সংঘর্ষে যোগ দেন। তারপরেই ছোড়া ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ষষ্ঠীরাম এমনিতেই অসুস্থ। তার উপরে তাঁকে বেধড়ক মারধর করায় তিনি মারাত্মক ভাবে জখম হন। তিনি আউশগ্রাম থানায় লিখিত অভিযোগ জানান।
বিজেপি নেতা ষষ্ঠীরাম মাঝি বলেন, কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে এলাকায় অশান্তি চলছিল। আমাকে বলার পর এদিন আমি দু’ পক্ষের মধ্যে আলোচনা করে বিষয়টি মেটাতে গিয়েছিলাম। তখন কয়েকজন মিলে পরিকল্পনামাফিক ঝামেলা করে। এর পিছনে রয়েছে বিরোধী রাজনৈতিক দলের ষড়যন্ত্র। সামান্য একটি বিষয়কে নিয়ে এলাকা উত্তপ্ত করা হয়েছে। পুলিশ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।
এদিকে ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অনেকেই বলছেন, সামান্য বিষয়কে কেন্দ্র করে জরিমানা আদায় করার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক। আরও অভিযোগ, টোটো চালক জবলে মার্ডিকে পারিবারিক ভাবেও হেনস্তার শিকার হতে হচ্ছে। কার্যত তাঁকে একঘরে করে রাখা হয়েছে। আউশগ্রাম থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।



