৬৩টি ওয়ার্ডে বিজেপির ইনচার্জ গ্রামের কার্যকর্তা নতুন বছরে শিলিগুড়িতে রদবদল হতে পারে বুথস্তরে
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: তোলবাজি, অনিয়ম ও দাদাগিরির অভিযোগে জেরবার। শুধু তাই নয়, কার্যকর্তাদের একাংশের মধ্যে সমন্বয়ের অভাবও প্রবল! এমন প্রেক্ষপটে শিলিগুড়িতে দলের ভিত মজবুত করতে ঝাঁপিয়েছে বিজেপি। তাদের পাখির চোখ পুরভোট। তারা এজন্য ৬৩টি ওয়ার্ডে নিয়োগ করেছে ৬৩ জন ইনচার্জ। তাঁদের সকলেই গ্রামীণ এলাকার। দলীয় সূত্রের খবর, ওই ইনচার্জদের রিপোর্টের ভিত্তিতে বুথ, শক্তিকেন্দ্র প্রমুখ ও মণ্ডল স্তরে কিছু রদবদল হতে পারে। তা নতুন বছরের শুরুতেই হবে। দলের অন্দরে এনিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

Advertisement

বিজেপির রাজ্য কমিটির কোষাধ্যক্ষ প্রবীণ আগরওয়াল বলেন, বুথস্তরে দলের অবস্থা জানা, নাগরিকদের রান্নাঘর পর্যন্ত সংগঠন নিয়ে যাওয়া, সকলের সঙ্গে নিবিড় জনসংযোগ গড়তেই ওই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তা সুষ্ঠুমতো করতে শহরের ৬৩টি ওয়ার্ডে গ্রামের কার্যকর্তাদের নিয়োগ করা হয়েছে। এটা রুটিন সাংগঠনিক বিষয়।
বিজেপির জেলা ও রাজ্য নেতা থেকে মন্ত্রীরা তোলবাজি, অনিয়ম, দাদাগিরির বিরুদ্ধে গলা ফাটিয়েছেন। আইনের শাসন লাঘুর বার্তা দিয়েছেন। এজন্য স্লোগান তোলা হয়েছে-‘ভয় আউট, ভরসা ইন’। অথচ, শিলিগুড়ি শহরে দলের একাংশের বিরুদ্ধে মাঝেমধ্যেই বিভিন্ন ধরনের অভিযোগ উঠছে। বিশেষ করে কো-অর্ডিনেটার ও বুথের নেতাদের একাংশ নিজেদের কাউন্সিলার ভাবছেন বলে অভিযোগ। একই সঙ্গে কিছু এলাকায় নেতা-কর্মীদের মধ্যে সমন্বয় নেই। বুথ ও মণ্ডলস্তরে নিয়মিত বৈঠকও হচ্ছে না বলে অভিযোগ। এমন প্রেক্ষাপটে গ্রামীণ এলাকার কার্যকর্তাদের ইনচার্জ হিসেবে নিয়োগ করায় দলেই শুরু হয়েছে চর্চা।
বিজেপি নেতাদের একাংশ বলেন, বুথ, মণ্ডল, শক্তিকেন্দ্র প্রমুখ স্তরে সঠিক তথ্য পেতেই গ্রামের কার্যকর্তাদের ওয়ার্ডের ইনচার্জ করা হয়েছে। তাঁরা দলের স্বার্থে নিরপেক্ষভাবে খুঁটিয়ে খুঁটিয়ে তথ্য সংগ্রহ করতে পারবেন। সংশ্লিষ্ট স্তরগুলির নেতা-কর্মীদের বিচ্যুতি সংক্রান্ত তথ্য, দলীয় কর্মসূচি রূপায়ণের হার, স্থানীয়দের সঙ্গে কার্যকর্তাদের সম্পর্ক, স্বচ্ছতা প্রভৃতি বিষয়ে রিপোর্ট দেবেন ইনচার্জরা। এরপর বুথ, মণ্ডল ও শক্তিকেন্দ্র প্রমুখ স্তরে দলে কিছু পরিবর্তন হবে। এতে দলীয় শৃঙ্খলা আরও মজবুত হবে।
প্রসঙ্গত, নতুন বছরেই শিলিগুড়ি পুরসভায় নির্বাচন হওয়ার কথা। ইতিমধ্যে শহরে ওয়ার্ড সংখ্যা ৪৭ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৩টি। এতে বুথের সংখ্যা ৪২১টি। কাজেই, এই মুহূর্তে পদ্ম শিবিরের ওই কর্মসূচি যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ। বিজেপির রাজ্য কমিটির কোষাধ্যক্ষ অবশ্য বলেন, পুরভোটের দিকে তাকিয়ে এই সাংগঠনিক কর্মসূচি করা হচ্ছে না। এটা দলের রুটিন বিষয়। এই কর্মসূচির সাফল্য ভোটে মিলবে।