নিজস্ব প্রতিনিধি, মালদহ: জমি মাফিয়াদের হাত থেকে চাতরা বিল বাঁচাতে এবার ময়দানে নামছে ইংলিশবাজার পুরসভার বিজেপি বোর্ড। সেইসঙ্গে মহানন্দা নদীর দূষণ রুখতে মালদহ শহরের নোংরা জল শোধন করে নদীতে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক অম্লান ভাদুড়ি। এনিয়ে সোমবার পুরসভায় সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। ছিলেন অতিরিক্ত জেলাশাসক ভাস্কর মজুমদার।
বৈঠক শেষে চেয়ারম্যান বলেন, ৩০০ কোটি টাকার প্রকল্প। খরচ কিছুটা বাড়তেও পারে। কেন্দ্র ও রাজ্যের বরাদ্দে কাজ হবে। ত্রিমুখী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরে বৃষ্টির জমা জলের পাশাপাশি নোংরা জল শোধন করে মহানন্দা নদীর সঙ্গে চাতরা বিলেও ফেলা হবে। সেইসঙ্গে জমি মাফিয়াদের হাত থেকে রক্ষা করে চাতরা বিলকে জলাশয় হিসাবে ঘোষণা করার উদ্যোগ নেওয়া হবে। সেক্ষেত্রে চাতরা বিল বাঁচাতে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালে যে মামলা হয়েছে, সেখানেও আমরা এই উদ্যোগের কথা জানাব। চাতরা বিলকে কিছুটা হলেও আগের চেহারায় ফিরিয়ে দেওয়া হলে মালদহ শহরে জল জমার সমস্যা অনেকটাই মিটবে বলে দাবি অম্লানের।
মালদহ শহরের নিকাশি নিয়ে বিগত পুরবোর্ড কোনো কাজ করেনি বলে তোপ ইংলিশবাজার পুরসভার বর্তমান চেয়ারম্যানের। এদিন তিনি বলেন, আমাদের শহরে নিকাশির হাল খুবই খারাপ। এনিয়ে এতদিন কোনো কাজ হয়নি। চাতরা বিলে যদি শহরের কিছুটা জল ফেলার ব্যবস্থা করা যেত, সেক্ষেত্রে সমস্যা অনেকটা মিটত। কিন্তু তা হয়নি। শোধন না করেই সব জল মহানন্দায় ফেলায় নদীর দূষণ বেড়েছে।
যদিও ইংলিশবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বক্তব্য, আমরা একটি বড়ো গর্তের মধ্যে নোংরা জল ফেলে প্রাথমিক ট্রিটমেন্ট করে তারপর সেই জল মহানন্দায় ফেলার ব্যবস্থা করি।
শহরকে জলবদ্ধতার সমস্যা থেকে রক্ষা করতে এটা ছাড়া আমাদের কিছু করার ছিল না।
ইংলিশবাজারের বাসিন্দাদের অভিযোগ, এমনিতেই এই শহর গামলার মতো। একদিকে মহানন্দার বাঁধ, অন্যদিকে রেললাইন। ফলে বৃষ্টির জমা জল বের হতে দীর্ঘ সময় লেগে যায়। তার উপর নিকাশি নালা ভরাট হয়ে যাওয়ায় এখন কয়েক ঘন্টার বৃষ্টিতে শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড়েও জল জমে যাচ্ছে। পুরসভার বর্তমান চেয়ারম্যান বলেন, এতদিন যাঁরা বোর্ডে ছিলেন, শহরের নিকাশির হাল ফেরাতে কোনো উদ্যোগ নেননি। আমরা নতুন করে ভাবনাচিন্তা করছি।



