হলদিয়া বন্দরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে আন্দোলন, ‘গান্ধীগিরি’র পথে শ্রমিকরা
  • ২৪ নভেম্বর, ২০২৬ ১৫:৩৯
Prefer us on Google

সংবাদদাতা, হলদিয়া: মঙ্গলবার থেকে হলদিয়া বন্দরে ৯ ও ১০ নম্বর বার্থে ছাঁটাইয়ের প্রতিবাদে লাগাতর আন্দোলনে নামলেন শ্রমিকরা। ওই আন্দোলন ও বিক্ষোভে 'গান্ধীগিরি'র পথ বেছে নিয়েছেন কর্মরত শ্রমিকরা। কর্মবিরতি না করে টিফিনে বিরতির সময় তাঁরা ডক এরিয়ায় ছাঁটাইয়ের প্রতিবাদে শ্লোগান দিয়ে বিক্ষোভ দেখান। বন্দর কর্তাদের নামেও স্লোগান ওঠে। আন্দোলনের সময় জাতীয় পতাকা হাতে মিছিল করেন শ্রমিকরা। প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত টিফিনের আধঘণ্টা তাঁরা প্রতীকী আন্দোলন করবেন বলে জানিয়েছেন। জানা গিয়েছে, হলদিয়া বন্দরের ৯ ও ১০ নম্বর বার্থ আধুনিকীকরণ এবং স্বয়ংক্রিয়ভাবে পরিচালনার জন্য টেন্ডার ডেকেছে বন্দর কর্তৃপক্ষ। আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, অন্যান্য বার্থের মতো এই দু'টি বার্থেও কর্মরত শ্রমিকদের বাদ দিয়েই টেন্ডার ডাকা হয়েছে। ফলে যে সংস্থাগুলিকে ওই বার্থগুলির দায়িত্ব দেওয়া হচ্ছে, তারা ব্যাপকহারে শ্রমিক ছাঁটাই করবে। ২৫-৩০ বছর ধরে ওই বার্থগুলিতে কর্মরত শ্রমিকরা কাজ হারাবেন। ৯ ও ১০ নম্বর দু'টি বার্থের টেন্ডার বাতিলের ডাক দিয়েছেন শ্রমিকরা। তাঁদের দাবি, কর্মরত শ্রমিকদের ছাঁটাই করা হবে না এই শর্ত আরোপ করে বন্দর কর্তৃপক্ষ নতুন করে টেন্ডার ডাকুক। 

Advertisement

শ্রমিকরা বলেন, ইতিমধ্যেই একটি বার্থে কর্মরত শ্রমিকরা কাজ হারিয়েছেন। আরও একটি বার্থ চালু হতে চলেছে। সেখানেও কাজ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। এই অভিজ্ঞতা থেকেই দু'টি বার্থের কয়েকশো শ্রমিক এক জোট হয়ে আন্দোলনে নেমেছেন। তাঁরা বলেন, আমরা বন্দরে আধুনিকীকরণের বিরুদ্ধে নই। কিন্তু শ্রমিক ছাঁটাই করে আধুনিকীকরণের কোনও অর্থ নেই। এজন্য তাঁরা বন্দর কর্তৃপক্ষকে লকগেটের আধুনিকীকরণ ও বিকল্প ভাবনার কথা বলেছেন। ইতিমধ্যেই গত ১৮ নভেম্বর এই দাবিতে বন্দরের প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন বন্দর শ্রমিকরা। হলদিয়া বন্দর শ্রমিক ঐক্য মঞ্চের ছাতার তলায় এদিন দিনভর অবস্থান বিক্ষোভ করেন শ্রমিক কর্মচারীরা। মঞ্চের নেতৃত্ব দেন হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বন্দরের শ্রমিক নেতা শ্যামল আদক। বন্দর শ্রমিকদের এই আন্দোলনে সহমত জানিয়েছেন হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলিও। শ্যামল আদক বলেন, শ্রমিকরা বন্দর কর্তৃপক্ষের স্বেচ্ছ্বাচারী মনোভাবের প্রতিবাদ করছেন। নিজেদের কাজের নিশ্চয়তা দাবি করা কোনও অন্যায় নয়। বন্দরে বহু উদ্বাস্তু পরিবারের লোকজন কাজ করেন। বন্দর আধুনিকীকরণের নামে পোর্টের শ্রমিকদের বরখাস্ত করা যাবে না। বিধায়ক বলেন, শ্রমিকদের আন্দোলন ন্যায্য। আধুনিকীকরণের সঙ্গে শ্রমিকদের প্রশিক্ষণ ও স্থানীয় তরুণদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে বন্দর কর্তৃপক্ষকে। বন্দর কর্তৃপক্ষের সুষ্ঠু পরিকল্পনার অভাব রয়েছে বলে অভিযোগ করেন বিধায়ক। এবিষয়ে বন্দর কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছেন।