সংবাদদাতা, বালুরঘাট: রাতভর পুকুর পাড়ে পিকনিক। তারপর মধ্যরাতেই পুকুরে নৌকা বিহারে বেরিয়েছিল ৬ যুবক। হঠাৎই পুকুরে উল্টে যায় নৌকা। তার জেরে ছয় বন্ধুই পুকুরে ডুবে যায়। ঘটনাস্থল থেকে চারজন উদ্ধার হলেও মৃত্যু হয় দুই বন্ধুর। মঙ্গলবার রাতে দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানার উত্তর খানপুর গ্রামের কৃষ্ণসাগর পুকুরে এই দুর্ঘটনা ঘটে। বুধবার সকালে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ছয় বন্ধু মিলে ওই পুকুরের ধারে পিকনিক করতে গিয়েছিলেন। স্থানীয়দের অভিযোগ, ওই ৬ জন পুকুরপাড়ে পিকনিকের আসরে মদ্যপান করেছিলেন। পিকনিকের পর নেশাগ্রস্ত অবস্থায় তাঁরা নৌকায় পুকুরে ঘুরতে বের হয়। ছোট ডিঙ্গি নৌকা ৬ জনের ভার বহন করতে না পেরে আচমকা ডুবে যায়। ওই ঘটনায় দু’জন বন্ধুর মৃত্যু হয়েছে। পুকুর পাড়ে এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল।
বুধবার সকালে পতিরাম থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। ওই ঘটনায় বাকি চার বন্ধুকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত দুই যুবকের নাম মৃগাঙ্ক ঘোষ ও পৃথ্বী সাহা। দু’জনেরই বাড়ি গঙ্গারামপুরে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।



