কৃষ্ণনগরের বিসর্জনে নজর কাড়ল ঘূর্ণির মহিলা সাং
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কৃষ্ণনগর: ঢাকের বোলের সঙ্গে পা মিলিয়ে নৃত্য, কাঁধে জগদ্ধাত্রী প্রতিমা। পরনে লাল পাড় সাদা শাড়ি। সামনে গাড়িতে একটা শিবমূর্তি, সঙ্গে রঙিন কালার স্মোকের ধোঁয়া। রাতের কৃষ্ণনগরের রাজপথে এমনই এক বর্ণাঢ্য শোভাযাত্রায় নজর কাড়লেন ঘূর্ণি হালদারপাড়ার একদল মহিলা। পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে নয়, বরং নিজেদের স্বতন্ত্র উপস্থিতিতেই সাং প্রথার বিসর্জনে আলাদা মাত্রা যোগ করলেন তাঁরা। কাঁধে করে জগদ্ধাত্রী প্রতিমা নিয়ে ঢাকের তালে তালে নাচতে নাচতে রাজবাড়ি পরিক্রমা করে বিসর্জন ঘাটের দিকে এগিয়ে যান তাঁরা। জগদ্ধাত্রী পুজোর ভাসান দেখতে রাস্তার দু›পাশে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ, তারাও এই দৃশ্য দেখে হাততালি দিয়ে উৎসাহ দিতে থাকেন।

Advertisement

কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর অন্যতম আকর্ষণ সাং প্রথায় প্রতিমা বিসর্জন। শতাব্দী প্রাচীন এই ঐতিহ্যে কাঁধে করে প্রতিমা নিয়ে শহরের নির্দিষ্ট পথ পরিক্রমা করে বিসর্জন ঘাটে পৌঁছন পুজো উদ্যোক্তারা। সেই ঐতিহ্য মেনেই সোমবার রাতে শুরু হয় এ বছরের প্রথমদিনের সাং বিসর্জন। সোমবার রাত থেকে শুরু হওয়া বিসর্জন পর্ব শেষ হতে মঙ্গলবার দুপুর গড়িয়ে যায়। এ বছর ৪০টিরও বেশি প্রতিমা সাং প্রথায় কাঁধে করে বিসর্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তার মধ্যেই বিশেষভাবে নজর কাড়ে ঘূর্ণি হালদার পাড়ার মহিলা সাং। এই বারোয়ারির জগদ্ধাত্রী প্রতিমা ‘আদরিনী মাতা’ নামে পরিচিত। কৃষ্ণনগরের সাং প্রথার ঐতিহ্যকে ধরে রাখতে গত কয়েক বছর ধরেই বারোয়ারির মহিলা সদস্যরা নিজেরাই কাঁধে করে প্রতিমা বিসর্জনের রীতি পালন করছেন। প্রত্যেকের পরনে একই ধরনের লাল পাড় সাদা শাড়ি। তাঁদের প্রতিমা নিয়ে ঢাকের তালে নৃত্য ও সম্মিলিতভাবে প্রতিমা বহনের দৃশ্য শোভাযাত্রাকে আরও আকর্ষণীয় করে তোলে। 
হালিশহর থেকে বিসর্জন দেখতে আসা অর্ণব নন্দী বলেন, কৃষ্ণনগরের সাং প্রথা এমনিতেই খুব আকর্ষণীয়। তবে মহিলাদের কাঁধে করে প্রতিমা নিয়ে ঢাকের তালে তালে নাচতে নাচতে বিসর্জনের দিকে এগিয়ে যাওয়ার দৃশ্য সত্যিই অন্যরকম। এমন দৃশ্য দেখে খুব ভালো লাগল। ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি মহিলারা যে এত সুন্দরভাবে এই দায়িত্ব পালন করছেন, তা প্রশংসার যোগ্য। আরও এক দর্শনার্থী প্রিয়দর্শিনী দেবনাথ বলেন, সাং প্রথা কৃষ্ণনগরের বহু বছরের ঐতিহ্য। সাধারণত ছেলেরাই সাং বহন করে, এখন মহিলারাও সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটা খুবই ভালো উদ্যোগ। আগামী দিনে আরও বেশি মহিলা এইভাবে অংশগ্রহণ করলে উৎসবের আনন্দ আরও বাড়বে।
সময়ের সঙ্গে বিসর্জনের আয়োজন ও শোভাযাত্রার ধরনে নানা পরিবর্তন এলেও কৃষ্ণনগরে সাং প্রথার গুরুত্ব আজও অটুট। আর সেই ঐতিহ্যকে মহিলাদের নিজেদের কাঁধে তুলে এগিয়ে নিয়ে যাওয়ার এই উদ্যোগ প্রমাণ করল, উৎসবের রীতি রক্ষায় তাঁরাও সমানভাবে এগিয়ে।