রামজি প্রকল্পে নতুন করে ১৪টি পঞ্চায়েত ভবন নির্মাণে উদ্যোগ
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রঞ্জুগোপাল মুখোপাধ্যায়, বাঁকুড়া: এই প্রথম ভিবি জি রামজি প্রকল্পের আওতায় তৈরি হবে পঞ্চায়েত ভবন। বাঁকুড়ায় নতুন ১৪টি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কোন কোন অঞ্চলে ভবনগুলি তৈরি হবে সেব্যাপারে জেলা প্রশাসনের আধিকারিকরা আলোচনা শুরু করেছেন। পরিকল্পনামাফিক ওইসব ভবন তৈরি হবে। সেখানে অঞ্চলস্তরের অন্যান্য সরকারি অফিসের জন্যও ঘর বরাদ্দ করা হবে। এক ছাতার তলায় সব অফিস থাকলে সাধারণ মানুষের সুবিধা হবে বলে আধিকারিকরা জানিয়েছেন। 

Advertisement

বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত বলেন, বর্তমানে ১২৫দিনের প্রকল্পে নির্মাণকাজ করার ছাড়পত্র বেশি করে দেওয়া হচ্ছে। সেইমতো আমরা পরিকল্পনা গ্রহণ করছি। রাজ্য থেকে বেশকিছু টাকা পাওয়া গিয়েছে। সেই টাকায় পঞ্চায়েত ভবনগুলি তৈরি করা হবে।
উল্লেখ্য, প্রথম দিকে গ্রামীণ কর্মসুনিশ্চিতকরণ প্রকল্পের আওতায় শুধুমাত্র শ্রমিকদের কাজ দেওয়ার জন্যই চিন্তাভাবনা করা হত। তখন জলাশয় খনন, বৃক্ষরোপণের মতো কাজ বেশি হত। তখন ওই প্রকল্পের টাকায় ইট, বালি, সিমেন্ট, পাথর প্রভৃতি নির্মাণ সামগ্রী কেনার তেমন অনুমতি ছিল না। পরবর্তীকালে মোট বরাদ্দের কিছু টাকা নির্মাণকাজের জন্য রাখা হত। তা দিয়ে পুকুরে স্নানেরঘাট সহ ছোটোখাটো নির্মাণকাজ করা হত। তারপর ধীরে ধীরে কংক্রিটের রাস্তা সহ অন্যান্য বড় নির্মাণকাজ করার অনুমতি দেওয়া হয়। এখন ওই পরিধি আরো বেড়ে গিয়েছে। পঞ্চায়েত ভবনের মতো বড় নির্মাণকাজের ছাড়পত্রও উপরমহল থেকে দেওয়া হচ্ছে।   
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ায় তৈরি হতে চলা প্রতিটি ভবনের জন্য ৩০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হবে। নীচেরতলায়(গ্রাউন্ড ফ্লোরে) একটি বড় কমিউনিটি হল থাকবে। দোতলায় তিনটি বড় ঘর তৈরি করা হবে বলে স্থির হয়েছে। এব্যাপারে ইঞ্জিনিয়ারদের বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করতে বলা হয়েছে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, এতদিন অর্থ কমিশনের টাকায় আমরা পঞ্চায়েত ভবন বা ওই ধরনের অফিস-কাছারির ঘর তৈরি করতাম। অন্য প্রকল্পের আওতাতেও সেসব নির্মাণ করা হত। কিন্তু এবার থেকে ভিবি জি রামজির আওতায় আমরা তা করব। এরফলে সুবিধা হবে। ভবন নির্মাণের সময় দক্ষ এবং অদক্ষ শ্রমিকরা কাজ পাবেন। তাঁদের কর্মসংস্থানও হবে। পাশাপাশি গ্রামীণ এলাকায় স্থায়ী সম্পদ তৈরি হবে। জেলায় ১৯০টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। কোন কোন অঞ্চলে পঞ্চায়েত ভবন দ্রুত করতে হবে তা খোঁজ নিচ্ছি। সেইমতো অগ্রাধিকারের ভিত্তিতে তা তৈরি হবে।