বলরাম দত্তবণিক, রামপুরহাট: দিনের পর দিন কমছে পড়ুয়ার সংখ্যা। পরিকাঠামো থাকা সত্ত্বেও ছাত্রছাত্রী ভরতি করানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্কুল কর্তৃপক্ষের কাছে। এই পরিস্থিতিতে স্কুলের অস্তিত্ব বাঁচাতে পঞ্চম শ্রেণিতে ফি ছাড়াই ছাত্রছাত্রী ভরতির উদ্যোগ নিল রামপুরহাট শহরের সরকারি স্কুল ডাঃ শরদিন্দু মজুমদার বিদ্যায়তন। ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় জোরদার প্রচার শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ।
১৯৭০সালে শহরের প্রাণকেন্দ্রে এই স্কুল প্রতিষ্ঠিত হয়। পাঁচিলঘেরা স্কুলের পরিকাঠামো যথেষ্ট উন্নত। রয়েছেন ১৬ জন শিক্ষক-শিক্ষিকা, ক্লার্ক এবং চতুর্থ শ্রেণির কর্মী। কম্পিউটার শিক্ষার ব্যবস্থাও রয়েছে। এমনকি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র সহ বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার ভেনু হিসাবেও ব্যবহৃত হয় এই স্কুল। স্কুলেরই একটি অংশে রয়েছে মহকুমা স্কুল পরিদর্শকের দপ্তর। একসময় পড়ুয়াদের কোলাহলে মুখর থাকত এই স্কুল প্রাঙ্গণ। স্কুলছুটের সংখ্যা বেড়েছে। ২০২২সালে শিক্ষাদপ্তর স্কুলটিকে ‘কো-এড’ হিসেবে স্বীকৃতি দিলেও ভরতিতে আশানুরূপ সাড়া মেলেনি। বর্তমানে পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত খাতায়-কলমে পড়ুয়ার সংখ্যা ২৮০জন। কিন্তু, উপস্থিতি তুলনামূলকভাবে কম বলে জানা গিয়েছে।
কেন এই সংকট? স্থানীয় বাসিন্দা ও শিক্ষাবিদদের একাংশের মতে, সামর্থ্য না থাকলেও অনেক অভিভাবক কষ্ট করে সন্তানকে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ভরতি করতে বেশি আগ্রহী হচ্ছেন। এরফলে ফাঁকা হয়ে যাচ্ছে সরকারি স্কুল। শুধু এই স্কুল নয়, জেলার অধিকাংশ জুনিয়র হাইস্কুলের ছবি প্রায় একইরকম।
স্কুল বাঁচাতে এবার তাই বিকল্প পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। টিআইসি শ্রীমন্ত সোরেন বলেন, পড়ুয়াদের ভরতির জন্য আমরা সবরকম চেষ্টা করছি। স্কুলের সহ শিক্ষক অনিতসুন্দর দাস জানান, পঞ্চম শ্রেণিতে ভরতির জন্য এই স্কুলে ১৭০টাকা করে নেওয়া হয়। কিন্তু এবার সেই ভরতি ফি লাগবে না। স্কুলে ইতিমধ্যেই অগ্রিম ফর্ম জমা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শেষ হলেই শহরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে এবং ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে বিশেষত দুঃস্থ পরিবারের সঙ্গে যোগাযোগ করে ছাত্রছাত্রীদের ভরতির জন্য আবেদন জানানো হবে।
ফি না নিলে স্কুলের নিজস্ব খরচ কীভাবে চলবে? তা নিয়ে প্রশ্ন উঠছে। অনিতবাবুর কথায়, স্কুল বাঁচাতে এই সুযোগ না দিলে পড়ুয়া পাব না। পড়ুয়ার সংখ্যা বাড়লে সরকারি কন্টিনজেন্সি ফান্ডও বাড়বে, যা দিয়ে স্কুলের কাজ চালানো সম্ভব হবে।



