বেজিং: প্রথম বিদেশি হিসাবে চীনের মহাকাশ স্টেশনে পা রাখতে চলেছেন পাকিস্তানের জিশান আলি। আজ, বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে চীনের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে মার্চ-২এফ রকেটে করে মহাকাশকেন্দ্র তিয়াংগং-এর উদ্দেশে পাড়ি দেবে শেনঝৌ-২৪ মহাকাশযান। চায়না ম্যান্ড স্পেস এজেন্সি (সিএমএসসি) মঙ্গলবার জানিয়েছে, অভিযানে চীনা কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই’র সঙ্গেই পেলোড বিশেষজ্ঞ হিসেবে থাকবেন পাক বায়ুসেনার পাইলট জিশান। রকেটে বিভিন্ন যন্ত্রপাতির ওজনের ভারসাম্য বজায় রাখাই হবে তাঁর কাজ। এই অভিযান আদতে বেজিং ও ইসলামাবাদের ‘অল-ওয়েদার’ কৌশলগত অংশীদারিত্বকেই মহাকাশের উচ্চতায় নিয়ে গেল। ২০২১ সাল থেকে ছ’মাস অন্তর তিয়াংগং স্পেস স্টেশনে তিন জন করে মহাকাশচারী পাঠাচ্ছে চীন। এবারের অভিযানে জিশান একসপ্তাহ সেখানে থাকবেন। তারপর শেনঝৌ-২৩ দলের দুই সদস্যের সঙ্গে পৃথিবীতে ফিরে আসবেন। চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ প্রকল্পের আওতায় জিশানকে অভিযানে যুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।



