করাচি: চারটি প্রদেশ ভেঙে একাধিক ছোটো প্রশাসনিক অঞ্চল গঠনের পরিকল্পনা নিয়েছেন পাক সেনাপ্রধান আসিম মুনির। এই পদক্ষেপের প্রতিবাদে উত্তাল পাকিস্তান। সিন্ধু প্রদেশে আছড়ে পড়ল বিক্ষোভের ঢেউ। নেতৃত্বে ছিল সিন্ধি জাতীয়বাদী সংগঠন জিয়ে সিন্ধু মুত্তাহিদা মাহাজ (জেএসএমএম)। বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছে চারটি জাতীয়তাবাদী সংগঠনের জোট জিয়ে সিন্ধু রাহবার কমিটি। তাদের দাবি, প্রাদেশিক অখণ্ডতা নিয়ে কোনো আপস করা হবে না। ‘স্বাধীন’ সিন্ধুদেশের দাবিতে সরব হয় বিক্ষোভকারীরা। শুধু তাই নয়, রাজনৈতিকভাবে পাকিস্তানের সবথেকে শক্তিশালী প্রদেশ পাঞ্জাবে অর্থনৈতিক অবরোধের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। মঙ্গলবার করাচি সহ সিন্ধু প্রদেশের বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ অংশ নিলেন মিছিলে। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে করাচির একাধিক রাস্তা।
পাক অধিকৃত কাশ্মীর, খাইবার পাখতুনওয়া ও বালুচিস্তানে বিদ্রোহ নিয়ে চাপে রয়েছে ইসলামাবাদ। এহেন পরিস্থিতিতে অশান্ত সিন্ধু প্রদেশ শাহবাজ শরিফ সরকারের মাথাব্যথা আরও বাড়িয়ে দিল বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের চারটি প্রদেশ পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনওয়া ও বালুচিস্তান ভেঙে ১২ থেকে ১৫টি ছোটো প্রশাসনিক অঞ্চল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে, সিন্ধু থেকে আলাদা করে পৃথক প্রদেশ হতে পারে করাচি। সম্প্রতি এই প্রস্তাব দিয়েছিলেন অভ্যন্তরীণমন্ত্রী মোহসিন নকভি। একই ইঙ্গিত দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল ও প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। বছরের শেষ এবিষয়ে গণভোট নিয়ে আলোচনার কথাও জানিয়েছেন তাঁরা। বিভাজনের এই পরিকল্পনার খবর প্রকাশ্যে আসতেই প্রতিবাদে ফেটে পড়েছে সিন্ধু প্রদেশ। বিরোধিতা করেছেন পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাবল ভুট্টো জারদারি। তাঁর আশঙ্কা, এর জেরে করাচির রাস্তায় রক্তারক্তি কাণ্ড ঘটতে পারে। বিক্ষোভকারীদের অভিযোগ, পাঞ্জাব কেন্দ্রিক শাসকগোষ্ঠী সিন্ধু প্রদেশের রাজনৈতিক ক্ষমতা খর্ব করতে চাইছে। প্রাকৃতিক সম্পদ হাতানোই এর প্রধান লক্ষ্য। গোটা ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন মুনির।



