হিজাব না পরায় ৭৪ ঘা চাবুক, শিল্পীর শাস্তি ইরানে
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তেহরান: হিজাব না পরে গান গাওয়ার ‘শাস্তি’ হিসাবে ৭৪ ঘা চাবুক মারার নিদান! গত জুন মাসে ইরানের কোম শহরের এক আদালতের রায় ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা বিশ্বে। সমালোচনায় সরব হয়েছিল একাধিক মানবাধিকার সংগঠন। তা সত্ত্বেও নিজেদের সিদ্ধান্তে অটল ইরানের প্রশাসন। সোমবার সঙ্গীতশিল্পী পারাস্তু আহমাদির বিরুদ্ধে রায় কার্যকর করা হল। একই শাস্তি পেলেন পারাস্তুর দলের আরও তিন শিল্পী এবং প্রযোজক।

Advertisement

ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ডিসেম্বর মাসে। ইউটিউবে দর্শকহীন এক অনুষ্ঠানে হিজাব ছাড়াই সঙ্গীত পরিবেশন করেন পারাস্তু। তারপরেই ‘অশ্লীল’ ও ‘অনৈতিক’ কনটেন্ট তৈরির অভিযোগে গত জুন মাসে পারাস্তু ও আট জনের বিরুদ্ধে চাবুক মারার নিদান দিয়েছিল কোমের আদালত। রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করেছিল পারাস্তু ও তাঁর দল। গত সেপ্টেম্বর মাসে সেই আরজি খারিজ হয়ে যায়। সোমবার পারাস্তুর আইনজীবী মোস্তাফা নিলি বলেন, ‘আজ বিতর্কিত কনসার্টের জন্য পারাস্তু সহ মোট পাঁচজনকে ৭৪ ঘা চাবুক মারা হয়েছে।’ চাবুকের ঘা মারার পাশাপাশি আগামী দু’বছর কোনো সঙ্গীত অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না এই শিল্পী। যেতে পারবেন না বিদেশেও। এর বিরুদ্ধে সরব হয়েছে একাধিক মানবাধিকার সংগঠন। -ফাইল চিত্র