১৬ ডিসেম্বর দেশে ফিরছেন শেখ হাসিনা, প্রত্যাবর্তন ঘিরে উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৫:১৭
Prefer us on Google

ঢাকা, ২৪ নভেম্বর: দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর অবশেষে দেশে ফেরার নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করলেন বাংলাদেশের ক্ষমতাচ্যু প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী। তাঁর এই ঘোষণাকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। কারণ, একদিকে দেশে ফেরার প্রস্তুতির কথা জানাচ্ছেন হাসিনা, অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার স্পষ্ট করে দিয়েছে, দেশে পা রাখামাত্রই তাঁকে গ্রেপ্তার করা হবে। 

Advertisement

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি বিমানে তাঁকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই এবারও ভারত সরকারের কাছে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বিমান পরিবহনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন হাসিনা। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে দেশে ফেরার প্রয়োজনীয় নথিপত্র এবং পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, সংবিধানবিরোধী পরিস্থিতিতে তাঁকে দেশছাড়া হতে হয়েছিল। তাই তাঁর নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা করা বাংলাদেশের সরকারের দায়িত্ব। 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে রয়েছেন। গত কয়েক মাস ধরেই দেশে ফেরার ইঙ্গিত দিয়ে আসছিলেন তিনি। তবে এই প্রথমবার প্রত্যাবর্তনের জন্য নির্দিষ্ট দিন ঘোষণা করলেন আওয়ামী লীগ নেত্রী।  এদিকে, হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনাকে কেন্দ্র করে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও প্রয়োজনীয় নথিপত্রের জন্য আবেদন করার পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে বলে খবর। গত সপ্তাহে তাঁর সমর্থকরা দেশে ফেরার দাবিতে একাধিক বিক্ষোভ ও মিছিল করেন।