নয়াদিল্লি, ২৪ নভেম্বর: এর আগে বিমান থেকে আটক করা হয় ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাসকে। এবার বিমানে ওঠার আগেই বিমানবন্দরে বাধার মুখে সিজেপি নেতা। এ ঘটনায় বেজায় ক্ষুব্ধ হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সৌরভ জানান, অক্সফোর্ডের ছাত্র সংগঠনের তরফে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানেই তিনি যাচ্ছিলেন। কিন্তু বিমানবন্দরে পৌঁছতেই সৌরভ জানতে পারেন, তাঁর পাসপোর্ট ‘ফ্ল্যাগ’ বা আটকে দেওয়া হয়েছে।
ভিডিও পোস্ট করে সৌরভ জানান, ভারতীয় ছাত্র-ছাত্রীরা সিজেপি নেতাকে আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘দেশে এত বড়ো মুভমেন্ট চলছে, তাঁরাও এতে অংশগ্রহণ করতে চান। ভারতে কী চলছে, তা তাঁরা জানতে চান। তাই আমাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।’ এরপরেই বিজেপিকে তীব্র নিশানা করে সৌরভ বলেন, ‘এই সরকার আমাকে সেখানে যেতে বাধা দিচ্ছে। এত ভয় কেন পাচ্ছেন?’ পলাতক একাধিক ব্যবসায়ীদের প্রসঙ্গ টেনেও বিজেপিকে তীব্র কটাক্ষ করেন সৌরভ। বলেন, ‘ইশ! যদি আমি নীরব মোদি বা বিজয় মালিয়া হতাম! যদি হাজার হাজার কোটি টাকা ব্যাঙ্ক থেকে লুট করতাম, তাহলে আমাকে যেতে দিত।’
বিজেপি সরকারকে ‘অশিক্ষিত সরকার’ বলেও তীব্র আক্রমণ করেন সৌরভ। তিনি বলেন, ‘স্কুল ঠিক করো অভিযানে কী হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই সরকার সিজেপি মুভমেন্টকে ভয় পায়। কিন্তু আমরা ভয় পাই না। বারবার লন্ডন যাব, বারবার প্যারিস যাব। আমাদের কাছে এখনও প্রচুর সময় রয়েছে।’
এই ঘোটা ঘটনায় প্রধানমন্ত্রীকেও তুলোধনা করেছেন সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ক্ষমতায় থাকা এক ‘অশিক্ষিত-মূর্খ’ ব্যক্তি, যিনি নিজে সারা বিশ্ব ঘুরে বেড়াতে ভালোবাসেন, তিনি এই আমন্ত্রণে ঈর্ষান্বিত হয়েছেন।’
উল্লেখ্য, এর আগে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচিতে শামিল হওয়ার আগেই বিমান থেকে আটক করা হয়েছিল সৌরভ, দীপকে-দের। ফের একবার একই ধরনের ঘটনা ঘটল। আজ কোনও রাজনৈতিক কর্মসূচিতে নয়, বিদেশের মাটিতে ভারতীয় ছাত্র-ছাত্রীদের ডাকে একটি অনুষ্ঠানে শামিল হতে যাচ্ছিলেন তিনি, দাবি করা হচ্ছে সিজেপির তরফে। এই ঘটনায় তীব্র সমালোচনার ঝড় তুলেছেন ককরোচ নেতারা। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সিজেপি শীর্ষ নেতৃত্ব।



