তিরুবনন্তপুরম: বিস্তর পরিকল্পনা ও প্রচেষ্টার পরও কেরলে বাতিল হয়ে গিয়েছে আর্জেন্তিনার ফুটবল তারকা লায়োনেল মেসির সফর। এনিয়ে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। এরইমাঝে সোমবার চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ও জে জনিশ। তাঁর কথায়, এই আর্থিক দুর্নীতির নেপথ্যে রয়েছে প্রাক্তন এলডিএফ সরকার। সিটের তদন্ত সঠিক পথেই এগচ্ছে। শীঘ্রই ঘটনায় জড়িতদের নাম সামনে আসবে। ইউডিএফ ক্ষমতায় আসার পরই দুর্নীতির তদন্ত করার জন্য সিট গঠন করেছে। শনিবার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান, তাঁর ব্যক্তিগত সচিব সি সত্যপালন এবং রাজ্য ক্রীড়া পরিষদের প্রাক্তন সভাপতি ইউ শরাফ আলিকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছেন তদন্তকারী আধিকারিকরা। মেসির ইভেন্টের স্পনসর সংস্থা ও ম্যানেজিং ডিরেক্টরের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। তদন্ত সূত্রে জানা গিয়েছে, মলপ্পুরমের শরাফ আলির ফুটবল অ্যাকাডেমি ওই সংস্থার কাছ থেকে ২ কোটি টাকা পেয়েছে। সেই টাকা কোথায় গিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এনিয়ে সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রীড়ামন্ত্রী জনিশ বলেন, ‘সিটের তদন্ত ঠিক দিকেই এগচ্ছে। একটা কথা মাথায় রাখতে হবে। শুধুমাত্র ক্রীড়া পরিষদের সভাপতি বা ক্রীড়া দপ্তরের একার সিদ্ধান্তে এই বিপুল আর্থিক তছরুপের ঘটনা ঘটেনি। নেপথ্যে বড়োসড়ো রাজনৈতিক কারসাজি রয়েছে। তদন্তে সবটা বেরিয়ে আসবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বারবার মেসির কেরল সফরের কথা বলেছেন। আম জনতাকেও বারবার সেই নিশ্চয়তা দিয়েছেন। এক্ষেত্রে পূর্বের সরকারের রাজনৈতিক নেতৃত্বদের একটা দায়বদ্ধতা রয়েছে। তা এড়িয়ে গেলে চলবে না।’



