দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: আবারও একটি ২৬ নভেম্বর। আবারও মোদি সরকার বিরোধী কৃষকদের মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি। এবং আবারও যন্তরমন্তরকে ভরকেন্দ্র করে দিল্লির দুই সীমানা এলাকাজুড়ে মোদি বিরোধী ধরনার ডাক কৃষক সংগঠনগুলির। ছ’বছর আগের কৃষক আন্দোলনের অন্যতম প্রধান এজেন্ডা ছিল কেন্দ্রের তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবি। তার সঙ্গে আরও আনুষঙ্গিক কিছু দাবিতে সোচ্চার হয়েছিলেন আন্দোলনকারী চাষিরা। বছরখানেকের লাগাতার আন্দোলনের জেরে তিনটি কৃষি আইনই নরেন্দ্র মোদি সরকার প্রত্যাহার করে নিতে বাধ্য হয় ঠিকই। কিন্তু বাস্তবে আন্দোলনকারীদের বাকি দাবিগুলি কার্যত মানাই হয়নি। কৃষকদের অভিযোগ, রীতিমতো লিখিতভাবে বকেয়া দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র। ছ’বছর কেটে গিয়েছে। তা পূরণ হয়নি। সেইসব বকেয়া দাবি পূরণে আগামী ২৬ নভেম্বর ফের দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে সর্বভারতীয় কৃষক সংগঠনগুলি।
এবারের অন্যতম প্রধান এজেন্ডাই হল ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে (এমএসপি) আইনের আওতায় নিয়ে আসার দাবি। আর সেইমতো শুধুই দিল্লির যন্তরমন্তর নয়। দিল্লি-হরিয়ানার সিংঘু এবং তিক্রি সীমানার উদ্দেশেও ২৬শে মোদি সরকার বিরোধী মিছিল করবে কৃষকরা। নরেন্দ্র মোদি সরকার বিরোধী সর্বভারতীয় কৃষক সংগঠনগুলির সম্মিলিত মঞ্চ সংযুক্ত কিষান মোর্চা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে, কর্মসূচি পালনে যদি বাধা দেওয়া হয়, তাহলে আবারও সীমানায় বসে লাগাতার অবস্থান আন্দোলন শুরু হবে। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পদক্ষেপ করার আরজি জানিয়ে ওইদিনই জেলাশাসকদের মাধ্যমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে স্মারকলিপি পেশ করবে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি। আন্দোলনকারী কৃষকদের হুংকার, কথার খেলাপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সমস্ত প্রতিশ্রুতি পালন করতে হবে। আশ্বাস পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনের পথ ছাড়বেন না কৃষকরা।
ভোট চুরির অভিযোগে জ্বলে ওঠা আগুন কিছুতেই চাপা দেওয়া যাচ্ছে না। জেন জি বিক্ষোভের আঁচও বিলক্ষণ রয়েছে। তার উপর কৃষক। সবমিলিয়ে প্রবল চাপ মোদি সরকারের উপর। সোমবার সংযুক্ত কিষান মোর্চা জানিয়েছে, সারা দেশের মোট ১০০টি স্থানে ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবে আন্দোলনকারীরা। তবে প্রধান কর্মসূচিই হবে দিল্লিতে। মন্দির মার্গ থেকে যন্তরমন্তর পর্যন্ত মিছিল। পাশাপাশি হরিয়ানার কৃষকরা বল্লভগড় এবং পার্শ্ববর্তী এলাকায় জড়ো হয়ে দিল্লি সীমানার উদ্দেশে মিছিল করে রওনা দেবেন। দিল্লির যন্তরমন্তরকে নির্ধারিত বিক্ষোভ কর্মসূচির স্থানের তালিকা থেকে সদ্য ‘ডি নোটিফাই’ করেছে কেন্দ্র। অর্থাৎ, দিল্লি পুলিশ আগেভাগেই যন্তরমন্তর অভিমুখী কৃষকদের মিছিল আটকানোর চেষ্টা করবে। এর ফলে কেন্দ্র-কৃষক সংঘাতের আশঙ্কা ক্রমেই প্রবল হয়ে উঠছে। ২৬শের বৈঠকে যোগ দেবে শ্রমিক এবং জেন জি’ও। আন্দোলনকারীদের দাবি, কেন্দ্রের ‘বিতর্কিত’ চার শ্রম কোড আইনও প্রত্যাহার করতে হবে সরকারকে। ইতিমধ্যেই অবশ্য ওই চার আইন দেশব্যাপী কার্যকর হয়ে গিয়েছে।



